কলকাতায় ধর্মীয় অনুভূতিতে আঘাত! আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে গ্রেফতার রূপেশ হাজরা

গভীর রাতে কলকাতার আমহার্স্ট স্ট্রিট এলাকায় ধর্মীয় ভাবাবেগযুক্ত একটি নামফলক ভাঙচুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় রূপেশ হাজরা (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে।

কী ঘটেছিল? পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত প্রায় দেড়টা নাগাদ এপিসি রোডের ফুটপাতে থাকা একটি পবিত্র সিমেন্টের নামফলক ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলা হয়। রবিবার সকালে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি নজরে আসতেই এলাকায় ক্ষোভের সঞ্চার হয়। খবর দেওয়া হয় আমহার্স্ট স্ট্রিট থানায়।

তদন্তে পুলিশ অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে পুলিশ। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করেন গোয়েন্দারা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শেষ পর্যন্ত রূপেশ হাজরাকে পাকড়াও করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ভাঙা নামফলকের অংশ ও টাইলসের টুকরো উদ্ধার করেছে। সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে।

একা নাকি বড় চক্র? পুলিশের প্রাথমিক ধারণা, এই ঘটনায় কেবল রূপেশ একা নয়, আরও কেউ জড়িত থাকতে পারে। কলকাতা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ধৃতকে জেরা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান মিলিয়ে দেখা হচ্ছে যে, ঘটনার সময় আর কেউ তাঁর সাথে ছিল কি না।”

শহরের ব্যস্ত এলাকায় এই ধরণের ধর্মীয় অবমাননাকর কর্মকাণ্ডে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শান্তি বজায় রাখতে স্থানীয়দের সাথে কথা বলছে পুলিশ।