কাঠফাটা রোদ আর প্যাচপ্যাচে গরমের দিন কি তবে শেষ হতে চলল? প্রথম দফার নির্বাচনে ১৬টি জেলায় ৯০ শতাংশের বেশি ভোট পড়ার পর এখন সবার প্রশ্ন— ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটেও কি একইভাবে পুড়তে হবে? আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন বলছে, স্বস্তির বৃষ্টি এখন কেবল সময়ের অপেক্ষা।
রবিবার ও সোমবার কালবৈশাখীর তান্ডব!
আগামী শনিবার থেকেই রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে। ওই দুই দিন ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াসহ প্রবল কালবৈশাখী হতে পারে।
কোন কোন জেলায় দাপট বেশি?
পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ।
নদিয়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া ও বাঁকুড়া।
আজকের পরিস্থিতি: দহন জারি
তবে স্বস্তির বৃষ্টির আগে আজ অর্থাৎ শুক্রবারও ভোগাবে গরম। বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমের তাপমাত্রা আজও ৪০ ডিগ্রি ছাড়াতে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও থাকবে চরমে। যদিও বিকেলের দিকে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার মতো জেলাগুলিতে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস।
মৎস্যজীবীদের জন্য কড়া বার্তা
বঙ্গোপসাগরে হাওয়ার গতিবেগ ৬০ কিমি ছুঁতে পারে, ফলে উত্তাল থাকবে সমুদ্র। দুর্ঘটনা এড়াতে রবিবার ও সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বাড়বে
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারসহ পার্বত্য জেলাগুলিতে শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানা গেছে।





