‘ভোটচুরির’ বিস্ফোরক অভিযোগ রাহুলের! পশ্চিমবঙ্গে কি ১০০টি আসন ছিনতাই করেছে বিজেপি?

পশ্চিমবঙ্গ এবং অসম— দুই রাজ্যেই বিধানসভা নির্বাচনে বিজেপি ঝড়ের পর এবার ‘ভোট চুরির’ অভিযোগে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার তিনি দাবি করেন, এই নির্বাচনে বিজেপির জয় আসলে সাধারণ মানুষের রায় নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ‘জনাদেশ চুরি’। রাহুলের এই মন্তব্যকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি দীর্ঘ পোস্টে লোকসভার বিরোধী দলনেতা তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “কখনও ভোট জালিয়াতির মাধ্যমে আসন চুরি হয়, আবার কখনও পুরো সরকারটাই চুরি করে নেওয়া হয়। লোকসভায় বিজেপির ২৪০ জন সাংসদের মধ্যে প্রতি ৬ জনের মধ্যে ১ জন ভোট চুরির মাধ্যমে জিতেছেন।” এখানেই থেমে থাকেননি তিনি; বিজেপির ব্যবহৃত শব্দ ‘অনুপ্রবেশকারী’ দিয়েই তাদের কটাক্ষ করে রাহুল বলেন, “এদের চিহ্নিত করা কঠিন নয়। বিজেপির ভাষাতেই কি তবে এদের ‘অনুপ্রবেশকারী’ বলা উচিত?”

রাহুল গান্ধীর নিশানায় এবার ছিল খোদ নির্বাচন কমিশনও। তাঁর অভিযোগ, জাতীয় নির্বাচন কমিশন এখন ‘রিমোট কন্ট্রোলড’ হয়ে কাজ করছে। ভোটার তালিকা থেকে শুরু করে নির্বাচনী প্রক্রিয়ার প্রতিটি স্তরে হস্তক্ষেপ করা হচ্ছে বলে তিনি দাবি করেন। রাহুলের কথায়, “বিজেপির আসল ভয় সত্যকে। যদি দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতো, তবে বিজেপি আজও ১৪০টি আসন পার করতে পারত না।” তিনি পশ্চিমবঙ্গ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই সুর মিলিয়ে দাবি করেন, এই রাজ্যে ১০০টিরও বেশি আসন জালিয়াতি করে ছিনতাই করেছে বিজেপি।

পাল্টা দিতে দেরি করেনি বিজেপিও। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু রাহুলের এই অভিযোগকে ‘রাজনৈতিক ব্যর্থতা ঢাকার চেষ্টা’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, বারবার পরাজয়ের পর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে আক্রমণ করা কংগ্রেসের স্বভাবে পরিণত হয়েছে। রিজিজু উল্টে অভিযোগ করেন, কংগ্রেস নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের ভোটের ওপর নির্ভর করে রাজনীতি করছে। তাঁর মতে, যত বেশি কংগ্রেস নির্বাচন কমিশনকে আক্রমণ করবে, ততই তারা সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারাবে।

উল্লেখ্য, ২০২৬-এর এই নির্বাচনে পশ্চিমবঙ্গে ২০৬টি আসন জিতে ঐতিহাসিক দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি, যা মমতার ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়েছে। অন্যদিকে অসমেও হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এনডিএ ১০২টি আসন দখল করে ক্ষমতা ধরে রেখেছে। এই বিপুল জয়ের বিপরীতে বিরোধী শিবিরের ‘কারচুপি’র অভিযোগ এখন রাজনৈতিক ময়দানকে আরও উত্তপ্ত করে তুলেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy