ভূস্বর্গে বড়সড় সাফল্য! জম্মু ও কাশ্মীরে খতম পাকিস্তানি লস্কর কমান্ডার মুসা, জারি রয়েছে সেনার তল্লাশি

জম্মু ও কাশ্মীরের বুদগামে বড়সড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তা বাহিনী। যৌথ বাহিনীর সঙ্গে ভয়াবহ এনকাউন্টারে নিকেশ হয়েছে এক পাকিস্তানি লস্কর-ই-তৈবা কমান্ডার। নিহত জঙ্গির নাম সুলাইমান শাহ ওরফে মুসা। গোয়েন্দা সূত্রে খবর, উপত্যকায় একাধিক নাশকতামূলক কার্যকলাপ এবং হামলার পেছনে সরাসরি যুক্ত ছিল এই শীর্ষ জঙ্গি। বহুদিন ধরেই নিরাপত্তা বাহিনীর হিটলিস্টে ছিল সে।

গোপন সূত্রে অভিযান ও এনকাউন্টার নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গিয়েছে, বুদগাম জেলার ইউসমার্গ এলাকার কোরাগ ও দুধপথরি জঙ্গলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর আসে। এরপরই জম্মু ও কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং ভারতীয় সেনার একটি যৌথ দল ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। বাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালালে শুরু হয় তীব্র সংঘর্ষ। এই গুলিবর্ষণের মধ্যেই নিকেশ হয় লস্কর কমান্ডার মুসা। তবে এলাকায় আরও কিছু জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে।

আগেও খতম হয়েছে সহযোগী সেনা সূত্রে জানা গিয়েছে, এর আগে গত ৫ সেপ্টেম্বর নিহত মুসার ঘনিষ্ঠ সহযোগী ইয়াসিরকেও একটি এনকাউন্টারে নিকেশ করেছিল নিরাপত্তা বাহিনী। একের পর এক শীর্ষ জঙ্গির খতম হওয়ার ঘটনায় উপত্যকায় জঙ্গি নেটওয়ার্কে বড় ধাক্কা লেগেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বর্তমানে পুরো এলাকা কর্ডন করে চিরুনি তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী।