হাজিরা এড়ানোর পালা শেষ? মহুয়া মৈত্রকে পঞ্চমবার নোটিশ পাঠাল পুলিশ!

একাধিক বার থানায় তলব করা সত্ত্বেও হাজিরা না দেওয়ায় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে ফের নোটিশ পাঠাল ডায়মন্ড হারবার সাইবার থানার পুলিশ। আগামী ৩ অক্টোবর তাঁকে থানায় হাজিরার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে তৃণমূল সাংসদকে পঞ্চমবার নোটিশ পাঠানো হলো।

চলতি মাসের ১ তারিখে নিজের এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেল থেকে উত্তরবঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি অনুষ্ঠান ঘিরে পুলিশ আধিকারিকদের নিয়ে একটি পোস্ট করেছিলেন মহুয়া। তাঁর অভিযোগ ছিল, ওই অনুষ্ঠানে এক বিশেষ সম্প্রদায়ের আইপিএস এবং আইএএস আধিকারিকদের ব্রাত্য করে রাখা হয়েছিল। সংখ্যালঘু প্রশাসকদের সুপরিকল্পিতভাবে বাদ দেওয়ার অভিযোগ তুলে তিনি তিন জন কর্মকর্তার নামও উল্লেখ করেছিলেন।

এই পোস্টকে কেন্দ্র করেই ডায়মন্ড হারবারের এক বাসিন্দা সাইবার ক্রাইম থানায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানি ছড়ানোর অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীর আইনজীবী শীর্ষেন্দু দাস জানিয়েছেন, সাংসদের ওই সোশ্যাল মিডিয়া পোস্টের জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে এবং আইন-শৃঙ্খলার অবনতি ঘটেছে। এর প্রেক্ষিতে চলতি মাসে টানা চার বার থানায় হাজিরার জন্য নোটিশ পাঠানো হলেও সাংসদ তা প্রতিবারই এড়িয়ে গিয়েছেন। অবশেষে পঞ্চম বারের মতো তাঁকে তলব করে আগামী ৩ অক্টোবর হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।