ভারতীয় সেনাকে কটাক্ষ! শুভেন্দুর তোপের মুখে তৃণমূল বিধায়ক, বললেন ‘ক্ষমতায় এলে জেলের ভাত খাওয়াব’

এবার ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি। তার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু শুধু কটাক্ষ করেই থামেননি, আব্দুর রহিম বক্সির অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন।

সেনাবাহিনীকে কটাক্ষ

সম্প্রতি এক জনসভায় তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি ভারতীয় সেনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, যা রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। তিনি বলেন, “ভারতীয় সেনাবাহিনী সাধারণ মানুষের ওপর গুলি চালায়।” এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেন, “আব্দুর রহিম বক্সির মন্তব্যের তীব্র নিন্দা করছি। ভারতীয় সেনা দেশের সুরক্ষায় জীবন উৎসর্গ করে। তাদের নিয়ে এমন মন্তব্য দেশের প্রতি অসম্মান।”

শুভেন্দু অধিকারীর পালটা আক্রমণ

শুভেন্দু অধিকারী পাল্টা দিয়ে বলেন, “আমার গাড়ির দরজা খোলার জন্য কম্পিটিশন করত, আর এখন বড় বড় কথা। ক্ষমতার লোভ মানুষকে কীভাবে বদলে দেয়, এটাই তার প্রমাণ।” শুভেন্দু আরও বলেন, “বিজেপি সরকার ক্ষমতায় আসার কয়েক ঘণ্টার মধ্যে আব্দুর রহিম বক্সি গ্রেফতার হবে। তাকে জেলের ভাত খাওয়াব।”

এই ঘটনায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুভেন্দু অধিকারীর এই আক্রমণ শুধু কথার কথা নয়, বরং তৃণমূলের বিরুদ্ধে বিজেপির কঠোর অবস্থানের একটি প্রতিফলন। এখন দেখার বিষয়, এই ঘটনার পর তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি কী প্রতিক্রিয়া দেন এবং পুলিশ প্রশাসন কী ব্যবস্থা গ্রহণ করে।