একমঞ্চে ডোনা ও সানা গাঙ্গুলি! ভারতীয় জাদুঘরে বসছে মহাতারাদের আসর, জানুন দিনক্ষণ

কিংবদন্তি ওড়িশি নৃত্য গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মশতবর্ষ উদযাপনে তিলোত্তমায় আয়োজিত হতে চলেছে এক বিশেষ নৃত্য উৎসব। আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর কলকাতার ঐতিহাসিক ভারতীয় জাদুঘরে (Indian Museum) অনুষ্ঠিত হতে যাচ্ছে দু’দিন ব্যাপী এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। বিখ্যাত ওড়িশি নৃত্য প্রতিষ্ঠান ‘দীক্ষা মঞ্জরি’ এবং ‘ইন্ডিয়ান মিউজিয়াম’-এর যৌথ উদ্যোগে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকেল সাড়ে ৫টা থেকে দর্শক উপভোগ করতে পারবেন এই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

একমঞ্চে খ্যাতনামা সব নৃত্যশিল্পী

এই অনুষ্ঠানে কেবল ওড়িশি নৃত্যই নয়, ভারতের বিভিন্ন শাস্ত্রীয় ও সৃজনশীল নৃত্যধারার দিকপাল শিল্পীরাও পারফর্ম করবেন।

  • প্রথম দিন (১৩ সেপ্টেম্বর): ওড়িশি নৃত্যে থাকবেন মাধবী মুদগল, শর্মিলা বিশ্বাস, সুজাতা মহাপাত্র, অরুণা মোহান্তি ও ‘দীক্ষা মঞ্জরি’-র শিল্পীরা। রবীন্দ্র নৃত্যে অংশ নেবেন পূর্ণিমা ঘোষ, পলি গুহ ও অলকানন্দা রায়। কত্থকে অসীমবন্ধু বন্দ্যোপাধ্যায় এবং ক্রিয়েটিভ নৃত্যে পারফর্ম করবেন কোহিনুর সেন বরাট।

  • দ্বিতীয় দিন (১৪ সেপ্টেম্বর): দর্শকদের মূল আকর্ষণ হিসেবে একই মঞ্চে নৃত্য পরিবেশন করবেন ডোনা গাঙ্গুলি এবং তাঁর কন্যা সানা গাঙ্গুলি। এছাড়া ওড়িশি পরিবেশনায় থাকবেন রতিকান্ত মহাপাত্র, রঘুনাথ দাস, অলকা কানুনগো, রাজীব ভট্টাচার্য ও প্রণতি মহান্তি। ভরতনাট্যমে দেখা মিলবে সুজাতা রামালিঙ্গম ও মালবিকা সেনের। কত্থকে অমিতা দত্ত, মণিপুরীতে বিম্বাবতি দেবী এবং ক্রিয়েটিভ ড্যান্সে অংশ নেবে তনুশ্রী শঙ্কর ডান্স কোম্পানি।

গুরুজীর স্বপ্নের প্রতিষ্ঠান ও ২৫ বছরের যাত্রা

এই আবেগঘন উদ্যোগ প্রসঙ্গে ডোনা গাঙ্গুলি জানান, পরম সৌভাগ্যবশত ছোটবেলা থেকেই গুরু কেলুচরণ মহাপাত্রের অধীনে দীর্ঘদিন তালিম নেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। এমনকি ‘দীক্ষা মঞ্জরি’ প্রতিষ্ঠার নেপথ্যেও ছিল গুরুর প্রত্যক্ষ উৎসাহ। গুরুজী চেয়েছিলেন কলকাতায় এমন একটি প্ল্যাটফর্ম তৈরি হোক যেখানে এসে তিনি নিয়মিত নৃত্যচর্চা করতে পারেন। গুরুর সেই ইচ্ছাকে সম্মান জানিয়েই ডোনা গাঙ্গুলির উদ্যোগে এই পথচলা শুরু হয়, যেখানে গুরু কেলুচরণ মহাপাত্র নিয়মিত ওয়ার্কশপ করাতেন।

দেখতে দেখতে ২৫ বছরে পা দিতে চলেছে ‘দীক্ষা মঞ্জরি’। গুরুর শতবর্ষে দেশের নানা প্রান্তের খ্যাতনামা গুণীজনদের এক ছাদের তলায় নিয়ে এসে এই শ্রদ্ধাঞ্জলি জানাতে পেরে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডোনা গাঙ্গুলি।