ব্যাটিং ধরেছে শীত! দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহের দিনক্ষণ ঘোষণা, কলকাতায় কবে জাঁকিয়ে পড়বে ঠাণ্ডা?

রাজ্যজুড়ে ভোরে ও রাতে শীতের হালকা শিরশিরানি অনুভব করতে শুরু করেছে রাজ্যবাসী। যদিও জাঁকিয়ে শীত এখনও না এলেও, আবহাওয়া দফতর জানাচ্ছে, শৈত্যপ্রবাহের আর বেশি দেরি নেই। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি কমবে।
ইতিমধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় পারদ ১০ ডিগ্রি সেলসিয়াসের (10°C) নীচে পৌঁছে গিয়েছে। কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতেও তাপমাত্রা আরও কমবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বর্তমানে ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের (10°C – 11°C) মধ্যে ঘোরাফেরা করছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে তাপমাত্রার আরও পতন হবে। আপাতত তাপমাত্রার খুব বেশি হেরফের না হলেও, উত্তুরে হাওয়ার দাপটে শীতের অনুভূতি তীব্র থাকবে। গত কয়েক দিন ধরে কলকাতায় সর্বনিম্ন পারদ নেমেছে ১৫ ডিগ্রি সেলসিয়াসের (15°C) কাছাকাছি। উত্তুরে হাওয়ার দাপটে এখানে প্রবল শীত অনুভূত হচ্ছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গে শৈত্যপ্রবাহের প্রভাব আরও বেশি। দার্জিলিঙে তাপমাত্রা নেমে ৫ ডিগ্রি সেলসিয়াসে (5°C) পৌঁছে গিয়েছে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে এই তাপমাত্রাও আরও কমবে বলে জানানো হয়েছে।
আজ ও আগামীকাল (শনিবার ও রবিবার) দক্ষিণবঙ্গের প্রতিটি জেলা কুয়াশার চাদরে ঢাকা থাকবে। উত্তরবঙ্গেও কুয়াশার দাপট থাকবে। আপাতত আবহাওয়ায় বড় কোনও পরিবর্তন বা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।