খসড়া তালিকায় নাম না থাকলে কী হবে? ভোটার তালিকা নিয়ে কমিশনের কড়া বার্তা, শুনানিতে ডাক পড়বে কাদের?

ভোটার তালিকা সংশোধনের (SIR) এনুমারেশন প্রক্রিয়া শেষ হয়েছে। এবার সকলের নজর আগামী বুধবার, ১৬ ডিসেম্বর প্রকাশিত হতে চলা খসড়া ভোটার তালিকার দিকে। তবে খসড়া তালিকায় নাম না থাকলে বা ফর্ম পূরণে ত্রুটি থাকলে কী হবে, সেই সংশয় এখন হাজার হাজার ভোটারের মনে। বিশেষত, ২০০২ সালের তালিকায় নাম না থাকা বা তথ্যের অভাবে যাঁরা ফর্ম পূরণে সমস্যায় পড়েছেন, তাঁদের দুশ্চিন্তা সবচেয়ে বেশি।
সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে নির্বাচন কমিশন স্পষ্ট নির্দেশিকা জারি করেছে, যাতে সাধারণ মানুষকে দরজায় দরজায় ঘুরতে না হয়। এবার জেনে নিন কমিশন কাদের শুনানির (Hearing) জন্য ডাকতে পারে এবং কীভাবে নোটিস দেবে।
শুনানিতে কাদের ডাকা হবে?
নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, মূলত নিম্নলিখিত দুই শ্রেণির ভোটারকে শুনানিতে ডাকা হবে:
ম্যাপিং ত্রুটি: যাঁদের নাম ২০০২ সালের তালিকার সঙ্গে ২০২৫-এর ম্যাপিংয়ে খুঁজে পাওয়া যায়নি।
তথ্যগত ত্রুটি: যাঁরা এনুমারেশন ফর্মের নীচে ২০০২ সালের অংশটি পূরণ করতে পারেননি বা জমা দেওয়া তথ্যে ত্রুটি ধরা পড়েছে।
মনে রাখতে হবে, আপনার নাম ২০০২ সালের তালিকার সঙ্গে ম্যাপিং ও ম্যাচিং হলেও ERO (Electoral Registration Officer) যদি মনে করেন, সেক্ষেত্রেও আপনাকে শুনানির জন্য ডাকা হতে পারে।
শুনানির জন্য কীভাবে ডাকা হবে?
কমিশন জানিয়েছে, শুনানির জন্য নোটিস সরাসরি বাড়ি বাড়ি পৌঁছে দেবেন বুথ লেভেল অফিসার (BLo)।
আধার কার্ড ছাড়া যে ১১টি নথি অবশ্যই লাগবে:
শুনানির জন্য আধার কার্ড ছাড়াও মোট ১১টি বিকল্প নথি রয়েছে, যার মধ্যে অন্তত একটি নথি আপনাকে সঙ্গে নিয়ে যেতেই হবে। সেগুলি হল:
কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন বা পেনশন পান এমন পরিচয়পত্র।
১৯৮৭ সালের পয়লা জুলাইয়ের আগে ব্যাঙ্ক, পোস্ট অফিস, LIC বা স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনও নথি।
বার্থ সার্টিফিকেট (জন্ম শংসাপত্র)।
পাসপোর্ট।
মাধ্যমিক বা তার পরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
রাজ্য সরকারের অধীনস্থ কোনও উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের সার্টিফিকেট (বাসিন্দার শংসাপত্র)।
ফরেস্ট রাইট সার্টিফিকেট (বন অধিকার শংসাপত্র)।
জাতিগত সার্টিফিকেট (জাতিগত শংসাপত্র)।
জাতীয় নাগরিকপঞ্জী (শুধুমাত্র অসমের ক্ষেত্রে প্রযোজ্য)।
স্থানীয় প্রশাসনের দেওয়া ফ্যামিলি রেজিস্টার।
সরকারের দেওয়া ল্যান্ড অথবা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট (জমি বা বাড়ি বরাদ্দের শংসাপত্র)।
এই নথিগুলির মধ্যে যেকোনো একটি শুনানির দিন সঙ্গে রাখলে সমস্যার সমাধান হতে পারে।