বিহারের পর এবার বাংলা, SIR প্রস্তুতি খতিয়ে দেখতে শহরে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী

বিহার বিধানসভা নির্বাচনের ঘোষণার পর দেশজুড়ে এখন স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) বা ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি তুঙ্গে। এই আবহে পশ্চিমবঙ্গের এসআইআর-এর প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এলেন জাতীয় নির্বাচন কমিশনের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী।

মঙ্গলবার রাতেই ডিজি আইটি সীমা খান্না এবং সেক্রেটারি এস বি জোশি-সহ কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসে পৌঁছয়। আজ, বুধবার থেকে শুরু হয়েছে দু’দিনের গুরুত্বপূর্ণ বৈঠক, যা বৃহস্পতিবারও জারি থাকবে।

উত্তরবঙ্গের বৈঠক পিছল: নজর ২১ জেলার উপর
দুর্যোগের প্রভাব: সম্প্রতি উত্তরবঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ বিপর্যয়ের কারণে জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে—দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের জেলাগুলোর DEOs/ADMs/EROs/OC-দের আজকের বৈঠকে যোগ দিতে হবে না। তাঁদের সঙ্গে চলতি মাসের অন্য তারিখে পুনরায় বৈঠক করা হবে।

ভিডিও কনফারেন্স: আজ উত্তরবঙ্গের জেলাগুলো বাদে অন্যান্য সবকটি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক সারছেন জ্ঞানেশ ভারতী। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে হচ্ছে এই বৈঠক, যেখানে মনোজ কুমার আগারওয়াল-সহ সকল আধিকারিক উপস্থিত আছেন।

রাজ্যের সব জেলাশাসক, ইআরও, এইআরও, বিএলও এবং পুলিশ প্রশাসনকে এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোটার তালিকায় কারচুপির কেন্দ্রে বিশেষ বৈঠক
ভিডিও কনফারেন্স শেষ করে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী আজ সরাসরি যাচ্ছেন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে। এই বিধানসভা কেন্দ্রেই প্রথমবার ভোটার তালিকায় কারচুপির অভিযোগ উঠেছিল, যার ফলে চার আধিকারিককে সাসপেন্ড করা হয়েছিল।

গুরুত্বপূর্ণ বৈঠক: রাজারহাটে জেলা পরিষদ ভবনে রাজারহাট-গোপালপুর এবং রাজারহাট-নিউটাউন এই দুই বিধানসভার ইআরও, এইআরও-দের সঙ্গে বৈঠক করবেন তিনি।

বারাসত সফর: পরে তিনি উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দফতরেও একটি বৈঠক করবেন। সেখানে জেলার নির্বাচন সংক্রান্ত সমস্ত আধিকারিক উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার ৯ অক্টোবর, সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার কোলাঘাট অডিটোরিয়ামে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার নির্বাচন আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। কোলাঘাট থেকেই কলকাতায় ফিরে দিল্লির উদ্দেশে রওনা হবেন কমিশনের প্রতিনিধিরা।