বিধানসভা ভোটের আগে সরকারি কর্মীদের ‘উৎসবের উপহার’! এক ধাক্কায় ৩% ডিএ বৃদ্ধি করল রাজ্য সরকার

আসন্ন বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল বিহার সরকার। কেন্দ্রকে অনুসরণ করে রাজ্যের প্রায় ৫২ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীর জন্য ৩ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণায় রীতিমতো খুশির হাওয়া সরকারি কর্মী মহলে।
গত শুক্রবার রাজ্য সরকার জানিয়েছে, ‘উৎসবের উপহার’ হিসেবে রাজ্য সরকারি কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা এবং পেনশনভোগীদের জন্য ৩ শতাংশ মহার্ঘত্রাণ বাড়ানো হচ্ছে। এই ডিএ বৃদ্ধিকে দীপাবলি এবং ছটের উপহার হিসেবে উল্লেখ করা হয়েছে।
কবে থেকে কার্যকর বর্ধিত ডিএ?
রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাস থেকে এই বর্ধিত হারে ডিএ কার্যকর হবে। এতদিন বিহারের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা ৫৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। এই ঘোষণার ফলে এখন তা বেড়ে হচ্ছে ৫৮ শতাংশ।
আরও জানানো হয়েছে, এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্তের ফলে চলতি অর্থবর্ষে রাজ্যের কোষাগার থেকে বাড়তি ৯১৭.৭৮ কোটি টাকা খরচ হবে। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে যাতে লাখ-লাখ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের কষ্ট না হয়, সেজন্য রাজ্য সরকার বদ্ধপরিকর।
প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় সরকারও নিজের সরকারি কর্মচারীদের জন্য ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীরাও জুলাই থেকে ৫৮ শতাংশ হারে ডিএ পাবেন। কেন্দ্রে সাথেই বিহারের রাজ্য সরকারি কর্মীদেরও ডিএ-র হার সমান হওয়ায় সে রাজ্যের সরকারি কর্মীরা আনন্দে ভাসছেন।
ফাঁক রয়ে গেল বাংলার কপালে!
বিহারের সরকারি কর্মীদের কপাল খুললেও, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ভাগ্যে কবে শিকে ছেঁড়ে তা এখনও অনিশ্চিত। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা মাত্র ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। কেন্দ্রের সাথে তাঁদের ডিএ-র ফারাক এখনও ৪০ শতাংশের বিশাল ব্যবধানে রয়ে গেছে। যদিও একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকার ডিএ বাড়াতে পারে, তবে তা এখন পর্যন্ত কেবলই জল্পনা।