বাজার করতে গিয়েছিলেন সপরিবারে! বাড়ি ফিরেই চক্ষু চড়কগাছ, দরজা ভেঙে তিন আলমারি তছনছ করে গেল দুষ্কৃতীরা

লক্ষ্মীপুজোর পুণ্য তিথিতেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ঘটে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা। ক্যানিং থানার অন্তর্গত ক্যানিং এক নম্বর দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েতের ঢালিপাড়া গ্রামে দিনের আলোয় শিক্ষকের বাড়িতে হানা দিয়ে দুষ্কৃতীরা হাতিয়ে নিল প্রায় ৯ থেকে ১০ লক্ষ টাকার সোনার গয়না এবং ২৫ থেকে ৩০ হাজার টাকা নগদ।
দিনে দুপুরে কীভাবে ঘটল এমন কাণ্ড?
চুরির ঘটনাটি ঘটে ওই এলাকার শিক্ষক বিপ্লব দাসের বাড়িতে। দিনে দুপুরে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই শিক্ষক বিপ্লব দাস ও তাঁর পরিবারের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে।
জানা যাচ্ছে, সোমবার দুপুরে লক্ষ্মীপুজোর কেনাকাটার জন্য বিপ্লব দাস তাঁর সপরিবারে ক্যানিং বাজারে যান। প্রায় সাড়ে চারটের সময় বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির দরজা ভাঙা। ভেতরে ঢুকে তাঁরা দেখেন, দুষ্কৃতীরা তিন তিনটি আলমারি তছনছ করে সবকিছু লুট করে নিয়ে চম্পট দিয়েছে।
বারবার চুরিতে নিরাপত্তাহীনতা
এই ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা এবং ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
কারণ, কয়েকদিন আগেই ক্যানিং থানার রামমোহন পল্লীতে ফাঁকা বাড়ি থাকার সুযোগে প্রায় ১০ থেকে ১২ ভরি সোনার গয়না ও আড়াই থেকে তিন লক্ষ টাকা চুরির অভিযোগ দায়ের হয়েছিল। সেই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ চুরির কিনারা করতে পারেনি। এর মধ্যেই দিঘীরপাড় অঞ্চলের ঢালীপাড়ায় দিনে দুপুরে ফের চুরির ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।