এক রাতের বৃষ্টিতে মর্মান্তিক কাণ্ড! ধসে চাপা পড়ে দুই শিশুর করুণ মৃত্যু, শোকের আবহ মিরিকের নীচগাঁও এলাকায়

উত্তরবঙ্গে বৃষ্টি-ধসের মর্মান্তিক পরিণতি! এক রাতের প্রবল বৃষ্টিতে ধসে চাপা পড়ে মৃত্যু হলো দুই শিশুর। দশাই উৎসবে সামিল হওয়ার পর প্রতিবেশীর বাড়িতে ঘুমন্ত অবস্থায় এই করুণ পরিণতি ঘটল পঞ্চম এবং চতুর্থ শ্রেণির এই দুই পড়ুয়ার। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মিরিকের নীচগাঁও এলাকায়।

ঘুমন্ত অবস্থায় ধসে চাপা
সূত্র মারফত জানা গেছে, সোমবার গভীর রাত অর্থাৎ রাত ২টা নাগাদ এলাকায় প্রবল বৃষ্টি নামে। সেই বৃষ্টির জেরেই ওপর থেকে মাটি, গাছ উপড়ে চতুর্থ শ্রেণির মৃত পড়ুয়ার বাড়ির ওপর আছড়ে পড়ে। যে ঘরে দুই শিশু নিশ্চিন্তে ঘুমোচ্ছিল, সেই ঘরটিই ধসে ভেঙে পড়ে।

দুর্ঘটনার পর রাতভর খোঁজ মেলেনি দুই শিশুর। পরে মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকাজুড়ে এখন শোকের আবহ।

জলকষ্টে জর্জরিত গ্রাম
ধস এবং বন্যায় এমনিতেই বিপর্যস্ত উত্তরবঙ্গ। দুধিয়া থেকে মিরিক যাওয়ার পথের সেতু ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন। এই বিপর্যয়ের মধ্যে নীচগাঁও এলাকার পরিস্থিতিও সঙ্কটজনক। ধসের কারণে জলের পাইপ লাইন চাপা পড়ে গেছে, ফলে এলাকায় পানীয় জলের তীব্র অভাব দেখা দিয়েছে। যদিও গতকাল বিকেলে বিদ্যুৎ ফিরে এসেছে, তবুও জলকষ্টে গ্রামবাসী জর্জরিত।

প্রসঙ্গত, এই দুর্যোগে ইতিমধ্যে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। মিরিকে ঘুরতে যাওয়া ৮ বছরের এক শিশুকন্যার মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে।

বিপর্যস্ত এলাকায় হাই-ভোল্টেজ সফর
উত্তরবঙ্গের এই চরম বিপর্যয়ের মাঝে মঙ্গলবার মিরিকের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই দিনে মিরিকে পৌঁছবেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু এবং দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তাও।