বাংলা থেকে কি বিদায় নিচ্ছে শিল্প? ইন্সেন্টিভ স্কিম বন্ধ করে হাইকোর্টে রাজ্য সরকার

পশ্চিমবঙ্গে শিল্পে ইন্সেন্টিভ বা প্রণোদনা দেওয়ার দীর্ঘদিনের পুরোনো স্কিমটি বন্ধ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। জ্যোতি বসুর সময়, অর্থাৎ ১৯৯৩ সাল থেকে চালু থাকা এই স্কিমটি বন্ধ করার ফলে রাজ্যের শিল্পমহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এই স্কিমের উদ্দেশ্য ছিল রাজ্যে বড় বড় শিল্প সংস্থাকে বিনিয়োগে উৎসাহিত করা।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আলট্রাটেক সিমেন্ট, ডালমিয়া সিমেন্ট, ইলেকট্রোস্টিল কাস্টিং, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ, নুভোকো ভিস্তাসের মতো বড় বড় সংস্থাগুলি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে। সংস্থাগুলোর অভিযোগ, সরকারের প্রতিশ্রুতি মেনে তারা বাংলায় কারখানা তৈরি করেছিল, কিন্তু এখন স্কিম বন্ধ করে দেওয়ায় তাদের ব্যাপক ক্ষতি হবে। ডালমিয়ার আইনজীবী আদালতে বলেন, এই সিদ্ধান্ত সংবিধানের ১৪ ও ১৯ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করছে। আগামী ৭ নভেম্বর এই মামলার শুনানি হবে।

রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শিল্প সংস্থাকে সুবিধা না দিয়ে সেই টাকা প্রান্তিক মানুষের কল্যাণে ব্যবহার করা হবে। বিলটিতে আরও উল্লেখ করা হয়েছে যে, এখন থেকে শিল্প সংস্থাগুলি কোনো ধরনের আর্থিক সুবিধা, ভর্তুকি, কর ছাড় বা অন্য কোনো শিল্প প্রচারমূলক সহায়তা পাবে না।

অন্যদিকে, রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। তাদের দাবি, এই সিদ্ধান্তের ফলে বিনিয়োগকারীরা বাংলায় বিনিয়োগ করতে আর নিরাপদ মনে করবে না। বিরোধীরা মনে করছেন, সরকারের এই পদক্ষেপে রাজ্যের শিল্পের ভবিষ্যৎ কার্যত শেষ হয়ে যাবে।