ভারত-পাক টক্কর এবার জ্যাভলিন থ্রো-তে! বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি নীরজ-নাদিম

ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই তো বিশ্বজুড়ে জনপ্রিয়, কিন্তু এবার সেই উত্তেজনা অ্যাথলেটিক্স ট্র্যাকেও পৌঁছে গেছে। জাপানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে মুখোমুখি হতে চলেছেন ভারতের তারকা অ্যাথলিট নীরজ চোপড়া এবং পাকিস্তানের আরশাদ নাদিম। বুধবারের কোয়ালিফিকেশন রাউন্ডে দুজনেই ফাইনালে জায়গা করে নিয়েছেন।

গ্রুপ ‘এ’-তে প্রথম থ্রোতেই ৮৪.৫০ মিটার জ্যাভলিন ছুড়ে ফাইনালের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করেন নীরজ চোপড়া। অন্যদিকে, আরশাদ নাদিম গ্রুপ ‘বি’-তে তার তৃতীয় ও শেষ প্রচেষ্টায় ৮৫.২৮ মিটার থ্রো করে ফাইনালে নামার টিকিট নিশ্চিত করেন।

আজ, বৃহস্পতিবার ভারতীয় সময় দুপুর ৩:৪০ থেকে শুরু হবে ফাইনাল। এই ইভেন্টটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হবে এবং জিওস্টার অ্যাপে লাইভ স্ট্রিমিং দেখা যাবে।

এই ইভেন্টে ভারতের আরেক তারকা, সচিন যাদবও ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছেন। তিনি ৮৩.৬৭ মিটার থ্রো করে দশম স্থানে থেকে ফাইনালের টিকিট পান। তবে ভারতের অন্য দুই অ্যাথলিট, রোহিত যাদব এবং যশবীর সিং, যথাক্রমে ২৮তম ও ৩০তম স্থানে থেকে ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছেন। জার্মানির জুলিয়ান ওয়েবার ৮৭.২১ মিটার থ্রো করে সেরা পারফর্মার হিসেবে ফাইনালে উঠে এসেছেন।

এই ফাইনাল ঘিরে ভারত-পাকিস্তান সমর্থকদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে, কারণ জ্যাভলিন ট্র্যাকে এবার তাদের দুই দেশের সেরা অ্যাথলিটরা মুখোমুখি হতে চলেছেন।