পার্লারে না গিয়ে ঘরে বসেই করুন হেয়ার স্পা, কয়েকটি ধাপে শিখেনিন পদ্ধতি

ব্যস্ততা কিংবা অতিরিক্ত খরচের কথা ভেবে অনেকেই পার্লারে গিয়ে হেয়ার স্পা করানোর কথা এড়িয়ে যান। তবে রূপ বিশেষজ্ঞদের মতে, পার্লারে না গিয়েও ছুটির দিনে ঘরে থাকা সহজলভ্য কিছু প্রাকৃতিক উপাদান দিয়েই চুলের গোড়ায় পুষ্টি জোগানো সম্ভব। রুক্ষ ও নিষ্প্রাণ চুলে পার্লারের মতো জৌলুস ফেরাতে কয়েকটি ধাপে ঘরেই নিতে পারেন বিশেষ যত্ন।

ঘরে হেয়ার স্পা করার সহজ পদ্ধতি

  • হালকা গরম তেলে ম্যাসাজ ও শ্যাম্পু: প্রথমে কুসুম গরম তেল চুলে ও স্ক্যাল্পে ১০ মিনিট ধরে ভালো করে ম্যাসাজ করুন। এরপর মানানসই শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে পরিষ্কার তোয়ালে দিয়ে অতিরিক্ত জল মুছে নিন।

  • সঠিকভাবে জট ছাড়ানো: চুল কিছুটা শুকিয়ে নেওয়ার পর মোটা দাঁতের চিরুনি ব্যবহার করুন। সবসময় নিচ থেকে ওপরের দিকে আঁচড়ে জট ছাড়িয়ে নেওয়া উচিত, যাতে চুল কম ভাঙে।

  • প্রাকৃতিক হেয়ার প্যাক: একটি পাত্রে একটি ডিম, ১ চা চামচ পাতিলেবুর রস, ক্যাস্টর অয়েল, গ্লিসারিন এবং মধু একসঙ্গে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এই মিশ্রণটি পুরো চুলে ভালো করে লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখুন। এক ঘণ্টা পর সাধারণ জলে চুল ধুয়ে ফেলুন।

  • বিশেষ কন্ডিশনিং: প্যাক ধুয়ে ফেলার পর চুলে কন্ডিশনার ব্যবহার করা আবশ্যক। ঘরোয়া উপায়ে কন্ডিশনিং করতে চাইলে ফুটিয়ে ঠান্ডা করা চা-পাতার জলের সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে চুল ধুয়ে নিতে পারেন।

কিছু জরুরি টিপস

শ্যাম্পু বা কন্ডিশনার লাগানোর সময় খেয়াল রাখবেন তা যেন কোনোভাবেই সরাসরি স্ক্যাল্পে না বসে। তৈলাক্ত চুলের ক্ষেত্রে অতিরিক্ত ভারী কন্ডিশনার ব্যবহার এড়িয়ে চলাই শ্রেয়। পাশাপাশি, চুল সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল রাখতে হেয়ার ড্রায়ার বা আয়রনের মতো হিট টুলস যথাসম্ভব কম ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।