‘বাংলার কৃষকদের সঙ্গে পাপ করছে তৃণমূল!’ লোকসভায় দাঁড়িয়ে মমতা সরকারকে নজিরবিহীন আক্রমণ শিবরাজের

মঙ্গলবার লোকসভার অধিবেশনে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, রাজনৈতিক সংকীর্ণতার কারণে রাজ্যের কৃষকদের কেন্দ্রীয় সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী ধান-ধান্য কৃষি যোজনা-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প পশ্চিমবঙ্গে কার্যকর হতে দিচ্ছে না রাজ্য প্রশাসন। শিবরাজের কথায়, “যারা এখানে স্লোগান দিচ্ছেন, তারা নিজেদের রাজ্যে কৃষকদের স্বার্থ রক্ষা করছেন না। পশ্চিমবঙ্গের কৃষকদের সঙ্গে অবিচার করা হচ্ছে এবং এটি একটি বড় পাপ।”

সংসদে শিবরাজ জানান, দেশের ১০০টি জেলাকে কৃষি উন্নয়নের বিশেষ তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছিল, যার মধ্যে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং ঝাড়গ্রামের নাম ছিল। কিন্তু রাজ্য সরকার এই প্রকল্প গ্রহণে কোনো আগ্রহ দেখায়নি। তিনি আরও দাবি করেন যে, রাজ্যে কৃষকদের জন্য আলাদা ডিজিটাল আইডি তৈরির কাজও থমকে রয়েছে রাজ্য সরকারের অসহযোগিতার কারণে। তৃণমূলের সদস্যদের হইহট্টগোলের মাঝেই মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলার মানুষ সব দেখছে, আগামী নির্বাচনেই রাজ্যের এই পরিস্থিতির পরিবর্তন হবে।”

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে শিবরাজ সিং চৌহানের এই আক্রমণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন্দ্রের দাবি, রাজ্য সরকার নিজস্ব প্রকল্পের নাম প্রচার করতে গিয়ে কেন্দ্রীয় সহায়তা ফিরিয়ে দিচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে প্রান্তিক চাষীদের ওপর। যদিও তৃণমূলের পক্ষ থেকে পালটা দাবি করা হয়েছে যে, কেন্দ্র বকেয়া টাকা দিচ্ছে না বলেই অনেক সময় রাজ্যকে নিজস্ব প্রকল্প চালাতে হচ্ছে। সব মিলিয়ে, কৃষকদের সমস্যাকে হাতিয়ার করে সংসদ থেকে সড়ক—পুরোদমে শুরু হয়ে গেল বঙ্গ যুদ্ধের মহড়া।