বাংলাদেশের খামারে ‘ডোনাল্ড ট্রাম্প’! চুলের স্টাইল দেখে অবাক নেটিজেনরা, তুঙ্গে কৌতুহল

বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার জিয়া উদ্দিন মৃধার খামারে এখন মানুষের ঢল। তবে কোনো সাধারণ পশুর জন্য নয়, এখানকার মূল আকর্ষণ ১৫০০ পাউন্ড ওজনের এক অদ্ভুতদর্শন মোষ। যার চুলের ছাঁট এবং সোনালি রঙের আভা হুবহু যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই মোষটিকে ভালোবেসে স্থানীয়রা নাম দিয়েছেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

ট্রাম্প নাম রাখার নেপথ্যে
মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, মোষটির সোনালি, সামনের দিকে ঝুঁকে থাকা চুলের জন্য তাঁর ভাই মজা করে এই নাম রেখেছিলেন। এরপর পাঁচ বন্ধুর একটি দল খামারে এসে প্রথমবার মোষটিকে ট্রাম্পের সঙ্গে তুলনা করে। এরপরই এর ছবি ও ভিডিও ইন্টারনেটে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, অনেকে শুধু এই ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা নৌকা পাড়ি দিয়ে খামারে আসছেন। এমনকি বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ ইরানের একটি অ্যাকাউন্ট থেকেও মস্করা করা হয়েছে, যা বিষয়টিকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

কুরবানির প্রস্তুতি ও বিদায়
ইন্টারনেটে সেলিব্রিটি হয়ে উঠলেও, এই মোষটির জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে। চার বছর বয়সী এই মোষটি আসন্ন বকরি ইদ উপলক্ষে কুরবানির জন্য প্রস্তুত। মালিক মৃধা গত এক বছর ধরে অত্যন্ত যত্নের সাথে এটিকে বড় করেছেন। তাঁর কথায়, “ডোনাল্ড ট্রাম্পকে আমি অবশ্যই মিস করব, কিন্তু কুরবানিই হল বকরি ইদের প্রকৃত চেতনা।” জানা গেছে, মোষটি ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। ঢাকার জিঞ্জিরা এলাকার বাসিন্দা মোহাম্মদ শোরান এটি কিনে নিয়েছেন। জীবিত ওজনের ওপর ভিত্তি করে এর দাম প্রায় ৩.৫ থেকে ৩.৮৫ লক্ষ টাকার কাছাকাছি নির্ধারিত হয়েছে।

অদ্ভুত নামের খামার
তবে শুধু ‘ডোনাল্ড ট্রাম্প’ই নয়, জিয়াউদ্দিন মৃধার এই খামারটি যেন এক বিচিত্র চিড়িয়াখানা! এখানকার একেকটি প্রাণীর নাম শুনলে চমকে উঠবেন। খামারে রয়েছে ‘তুফান’ নামের এক ষাঁড়, আবার কাউকে ডাকা হয় ‘ফ্যাট বয়’ নামে। শান্ত স্বভাবের একটি প্রাণীর নাম রাখা হয়েছে ‘সুইট বয়’। চমকের এখানেই শেষ নয়, খামারে নেইমারের আদলে ব্লন্ড চুল করা একটি ষাঁড়ও রয়েছে, যার নাম ‘নেইমার’। আবার আক্রমণাত্মক স্বভাবের কারণে একটি মোষের নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু’। পুরো খামারটি এখন অদ্ভুত নামের প্রাণীদের এক অদ্ভুত ঠিকানায় পরিণত হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল সৃষ্টি করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy