বাঁদরের অত্যাচারে প্রাণ গেল আড়াই মাসের শিশুর, চরম আতঙ্কে গ্রামবাসী

বাঁদরের অত্যাচারে প্রাণ গেল মাত্র আড়াই মাসের এক শিশুর। বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা শিশুটিকে একদল বাঁদর তুলে নিয়ে গিয়ে জলের ড্রামে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সীতাপুর এলাকায়। শুক্রবারের এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, শিশুটি বাড়ির ভেতরে বিছানায় ঘুমিয়ে ছিল। বাড়ির লোকজন নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে বাঁদরের একটি দল বাড়িতে ঢুকে পড়ে এবং ঘুমন্ত শিশুটিকে তুলে নিয়ে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন শিশুর কান্না শুনতে পেয়ে ছাদে যান। সেখানে তারা দেখেন, একটি জলের ড্রামের মধ্যে শিশুটি পড়ে আছে। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বাঁদরের অত্যাচারে তাঁরা অতিষ্ঠ। প্রায় প্রতিদিনই বাঁদরের আক্রমণে কেউ না কেউ আহত হচ্ছেন এবং তারা বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে পালিয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বারবার অভিযোগ জানানো সত্ত্বেও বন বিভাগ এবং প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।

এই ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁরা চান, কর্তৃপক্ষ এই হামলা থেকে তাঁদের রক্ষা করার জন্য অবিলম্বে ব্যবস্থা নিক, যাতে ভবিষ্যতে এমন কোনো মর্মান্তিক ঘটনা আর না ঘটে।