রক্তাত্ব সেই ২২ এপ্রিল, ২০২৫। পহেলগাঁওয়ের বাইসরণে সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ২৬ জন নিরীহ পর্যটক। সেই হাড়হিম করা ঘটনার প্রথম বর্ষপূর্তির ঠিক আগেই এবার সামনে এল জইশ-ই-মহম্মদের একটি চাঞ্চল্যকর অডিও ক্লিপ। যাতে ওই জঙ্গি সংগঠনের কমান্ডার আবদুল রউফের কণ্ঠে মহিলাদের ‘জিহাদ’-এর পথে আসার প্ররোচনা দিতে শোনা যাচ্ছে। এই অডিও সামনে আসতেই ভূস্বর্গজুড়ে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
কী আছে সেই অডিও বার্তায়?
গোয়েন্দা সূত্রে খবর, অডিওটিতে জইশ-ই-মহম্মদের মহিলা শাখা— ‘জামাত-আল-মুমিনাত’-এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রউফের দাবি অনুযায়ী, করাচি থেকে পেশোয়ার পর্যন্ত পাকিস্তানজুড়ে এই শাখা সক্রিয়। মাসুদ আজহারের নির্দেশে মহিলাদের মূলত চারটি বিষয়ের দিকে আহ্বান জানানো হচ্ছে— ‘ঈমান, নমাজ, জিহাদ ও পর্দা’। আধুনিক জীবনযাত্রা ও কর্মসংস্থানকে ‘বিপথগামী’ হওয়ার রাস্তা বলে উল্লেখ করে মহিলাদের টেলিভিশন থেকে দূরে থাকার এবং তরুণদের বিদেশে চাকরির সন্ধানে না যাওয়ার নিদান দিয়েছে এই কুখ্যাত জঙ্গি নেতা।
অপারেশন সিঁদুরের পাল্টা চাপ?
গত বছর পহেলগাঁও হামলার পরেই ভারত সরকার ও সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছিল। এই অভিযানে সীমান্তের ওপারে থাকা লস্কর ও জইশের একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। গোয়েন্দারা মনে করছেন, সেই বড়সড় ধাক্কার পর নিজেদের অস্তিত্ব জাহির করতেই বর্ষপূর্তির আগে এমন কট্টরপন্থী প্রচার শুরু করেছে জইশ। মূলত মহিলাদের মধ্যে উগ্রবাদী আদর্শ ছড়িয়ে দিয়ে সংগঠনের সদস্য সংগ্রহের ভিত্তি বাড়াতে চাইছে তারা।
নিরাপত্তা সতর্কতা:
পহেলগাঁও হামলার বর্ষপূর্তিকে কেন্দ্র করে জম্মু ও কাশ্মীরে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চলছে চিরুনি তল্লাশি। বিশেষ করে জইশ-ই-মহম্মদের অনলাইন ও অফলাইন প্রচার রুখতে সাইবার বিভাগকেও সজাগ থাকতে বলা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের প্ররোচনামূলক বার্তা মূলত জঙ্গি নেটওয়ার্কগুলোকে পুনরুজ্জীবিত করার একটা চেষ্টা, যা রুখতে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো সম্পূর্ণ প্রস্তুত।





