ফাঁকা বাড়ি পেয়ে চুরি ও লুটপাট! নাম জড়াল কার জানেন? গ্রেফতার ৪

গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় নাম জড়াল বিজেপির এক মণ্ডল সভাপতির ভাইয়ের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার জুখিয়া এলাকায়। এই ঘটনায় পুলিশ মোট চারজনকে গ্রেফতার করেছে, যার মধ্যে একজন বিজেপির মণ্ডল সভাপতি তপন মিদ্দার ভাই সমীরণ মিদ্দা। এই খবর প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে।


 

কীভাবে ঘটল ঘটনা?

জানা গেছে, গত সোমবার জুখিয়া এলাকার এক বাসিন্দা তার বাড়িতে তালা দিয়ে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। মঙ্গলবার বিকেলে বাড়ি ফিরে এসে তিনি দেখেন, ঘরের লোহার গ্রিল ভেঙে আলমারি থেকে গহনা এবং একটি মোটরসাইকেল চুরি হয়ে গেছে। এরপরই তিনি ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করেন।


 

পুলিশের তৎপরতা

পুলিশ দ্রুত তদন্তে নেমে সমীরণ মিদ্দা, সঞ্জয় মিদ্দা, শম্ভু দাস এবং অরিন্দম শাসমল নামে মোট চারজনকে গ্রেফতার করে। এদের মধ্যে সমীরণ ভগবানপুর-২ বিজেপির মণ্ডল সভাপতির ভাই হওয়ায় এই ঘটনা রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। স্থানীয় মানুষ এই ঘটনা নিয়ে নানা মন্তব্য করছেন এবং অনেকে অবাক হয়েছেন যে রাজনৈতিক দলের একজন নেতার পরিবারের সদস্য এমন একটি অপরাধে যুক্ত হতে পারেন।