প্রাক্তন স্ত্রীর হেনস্থার বদলা! বেঙ্গালুরু মেট্রো স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি মেল BMRCL-কে

বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশনের (BMRCL) অফিসিয়াল মেল আইডিতে এক বিস্ফোরক হুমকি মেল এসেছে। প্রেরকের দাবি, তাঁর ‘প্রাক্তন স্ত্রী’কে যদি মানসিকভাবে হেনস্থা করা হয়, তাহলে তিনি একটি আস্ত মেট্রো স্টেশন উড়িয়ে দেবেন।
গত ১৩ নভেম্বর রাত ১১টা ২৫ মিনিটে একটি জিমেইল অ্যাকাউন্ট থেকে এই মেলটি পাঠানো হয়। মেলটিতে স্পষ্ট লেখা ছিল যে, যদি BMRCL-এর কোনও কর্মী ডিউটির পরে তাঁর ‘ডিভোর্সড স্ত্রী পদ্মিনীকে’ নির্যাতন করেন, তবে তার ফল ভুগতে হবে মেট্রো কর্তৃপক্ষকেই। প্রেরক আরও দাবি করেন, তিনি তাঁর স্ত্রীকে রক্ষা করতে ‘কন্নড়িদের বিরুদ্ধে দেশপ্রেমিক সন্ত্রাসীর মতো’ আচরণ করতে দ্বিধা করবেন না।
হুমকি-মেল পাওয়ার পরপরই BMRCL-এর এক সিনিয়র আধিকারিক থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ মামলা রুজু করে প্রেরকের পরিচয় এবং অবস্থান নিশ্চিত করার জন্য তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, সম্প্রতি বেঙ্গালুরুতে ভুয়ো বোমা হুমকির আরও একটি বড় মামলার তদন্ত হয়েছে। একাধিক বেসরকারি স্কুলে হুমকি মেল পাঠানোর অভিযোগে সফটওয়্যার ইঞ্জিনিয়ার রেনে জোশিল্ডা নামের এক যুবককে গ্রেফতার করা হয়। অভিযোগ ওঠে, প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় তাঁর নাম ব্যবহার করে রেনে এই ভুয়ো হুমকিগুলি পাঠিয়েছিলেন। তদন্তে জানা যায়, শুধু কর্নাটক নয়, দেশের আরও একাধিক রাজ্যেও তিনি একই ধরনের ভুয়ো হুমকি পাঠিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, নিজের ডিজিটাল পরিচয় গোপন রাখতে তিনি ভিপিএন (VPN), ভার্চুয়াল মোবাইল নম্বর এবং অস্থায়ী হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতেন।