সপ্তাহের দ্বিতীয় দিনেই বিভ্রাট! সিগন্যাল বিভ্রাটে থমকে গেল ব্লু লাইন মেট্রো, স্টেশনে উপচে পড়ল ভিড়

সপ্তাহের দ্বিতীয় দিন, মঙ্গলবার সকালেই ফের সিগন্যাল বিভ্রাটের জেরে চরম ভোগান্তির শিকার হলেন কলকাতা মেট্রোর ব্লু লাইনের (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) যাত্রীরা। ব্যস্ত সময়ে ধীরগতিতে চলায় গন্তব্যে পৌঁছাতে বহু দেরি হয় অফিস ও স্কুলগামী যাত্রীদের।
জানা গিয়েছে, ডাউন লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী) সিগন্যালের গোলযোগের কারণেই এই বিপত্তি ঘটেছে। যাত্রীদের অভিযোগ, সাধারণত যে পথে দক্ষিণেশ্বর থেকে নোয়াপাড়া ঢুকতে সাত থেকে আট মিনিট সময় লাগে, এদিন সেই দূরত্ব অতিক্রম করতেই লেগেছে ৩৮ মিনিট। নোয়াপাড়া ঢোকার পর থেকেই মেট্রো ধীরগতিতে চলে। সিগন্যাল না পাওয়ায় ট্রেন ছাড়ার জন্য ম্যানুয়ালি ব্যবস্থা নিতে হয়।
দু’দফায় ট্রেন থমকে: দক্ষিণেশ্বর ও বরাহনগর স্টেশনের মাঝে ট্রেনটি ৮টা ৪২ মিনিট থেকে ৮টা ৫৭ মিনিট পর্যন্ত প্রায় ১৫ মিনিট দাঁড়িয়েছিল। কোনো মতে বরাহনগরে ঢুকলেও সেখানে ঢুকে ফের থমকে যায় মেট্রো। ঘোষণা করা হয়, নোয়াপাড়া থেকে সিগন্যাল না পাওয়ায় গাড়ি ছাড়তে দেরি হবে।
যাত্রী নামিয়ে ট্রেন খালি: এর জেরে ভিড়ের চাপে দক্ষিণেশ্বরগামী একটি ট্রেন দমদম স্টেশনে ঢোকার পর যাত্রীদের নামিয়ে পুরোপুরি খালি করে দেওয়া হয়। পরে সেই খালি ট্রেনটিই শহীদ ক্ষুদিরামের দিকে পাঠানো হয়।
ভিড় ও বিলম্ব: দেরিতে মেট্রো চলায় ভিড় উপচে পড়েছিল স্টেশনগুলিতে। ভিড়ের কারণে অনেকেই ট্রেনে উঠতে পারেননি। এই পরিস্থিতিতে গন্তব্যে পৌঁছাতে দেরি হওয়ায় যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা যায়।
অন্যদিকে, আপ লাইনে অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের পথে মেট্রো পরিষেবা প্রায় স্বাভাবিক ছিল।