‘প্রচারের আলোয় আসতেই আমার নাম ব্যবহার করছে!’ গোবিন্দার সঙ্গে নাম জড়ানোয় কশ্মীরা-দিব্যাকে তুলোধনা কোমলের

বলিউড অভিনেতা গোবিন্দার সঙ্গে নাম জড়ানো এবং তাঁকে কেন্দ্র করে চলা নানা জল্পনার মুখে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী কোমল রানি স্বর্ণকার। কশ্মীরা শাহ এবং দিব্যা খোসলার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যাঁরা তাঁকে নিয়ে ভিত্তিহীন চর্চা করছেন, তাঁরা আসলে প্রচারের আলোয় থাকার চেষ্টা করছেন।

সম্প্রতি কশ্মীরা শাহ এবং দিব্যা খোসলা কুমার গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজার পাশে দাঁড়িয়ে কোমলের সমালোচনা করেছিলেন। এর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কোমল ইনস্টাগ্রামে একটি পোস্টে লেখেন, বলিপাড়ার কতিপয় তারকা তাঁর নাম ব্যবহার করে নিজেদের প্রাসঙ্গিক রাখার এবং প্রচার পাওয়ার চেষ্টা চালাচ্ছেন। তিনি দ্ব্যর্থহীন ভাষায় সাফ জানিয়ে দেন, তাঁদের আসন্ন সিনেমা ‘রূপা’-র ঘোষণা এবং পেশাগত কাজের সূত্রেই তিনি ও গোবিন্দা একসঙ্গে প্রচারের কাজে যুক্ত রয়েছেন। তাঁদের মধ্যে ব্যক্তিগত বা রোমান্টিক কোনও সম্পর্ক নেই।

কোমলের সাফ কথা, “আমরা একসঙ্গে কাজ করছি এবং ভবিষ্যতেও আমাদের একসঙ্গে দেখা যাবে। এতে কারও গায়ে যদি জ্বালা ধরে, তবে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না।” তাঁর এই কড়া ও স্পষ্ট জবাবের পর থেকেই বলিপাড়ায় নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।

Pratik Saha
  • Pratik Saha