‘ওরা নতুন প্রজন্মকে নষ্ট করছে…’, সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট ‘ম্যাড সান্ধু’ হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর হুমকি গ্যাংস্টার গোল্ডি ধিল্লোঁর!

অমৃতসরের রণিত অ্যাভিনিউতে ঘটে যাওয়া চাঞ্চল্যকর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা মেকআপ আর্টিস্ট ‘ম্যাড সান্ধু’ খুনের ঘটনায় এবার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিদেশে আত্মগোপন করে থাকা কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ধিল্লোঁ এবং জগ্গা তরণতারণের নামযুক্ত একটি অ্যাকাউন্ট থেকে এই হত্যাকাণ্ডের দায় স্পষ্টভাবে স্বীকার করা হয়েছে। যদিও এই ভাইরাল পোস্টের সত্যতা এবং এর উৎস সম্পর্কে স্বাধীনভাবে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পোস্টে অত্যন্ত কঠোর ভাষায় দাবি করা হয়েছে যে, এই ধরনের ব্যক্তিরা যুবসমাজ ও নতুন প্রজন্মকে বিপথগামী করছে। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় এ ধরনের প্রভাবশালীদের যারা বাড়িয়ে তুলছেন বা প্রোমোট করছেন, তাঁদের প্রতিও মারাত্মক হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে কড়া বার্তা দিয়ে বলা হয়েছে যে, তারা যেন কোনো অবস্থাতেই এই ধরনের ব্যক্তিদের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ না জানায়। পোস্টে আরও বলা হয়েছে, যারা পাঞ্জাবের মাটিতে গুন্ডারাজ কায়েম করতে চায়, তাদের অবিলম্বে রাজ্য ছেড়ে চলে যাওয়া উচিত; কারণ এটি বীরযোদ্ধাদের ভূমি এবং এখানে কেবল প্রকৃত যোদ্ধারাই টিকে থাকবে।

পোস্টের শেষে রানা ধিল্লোঁ, রকি পর্তুগাল, সুখাসান্ধু এবং হুড ৪২০ কানাডা (Hood420Canada)-র মতো বিভিন্ন গ্যাংস্টার-সংযুক্ত হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় অমৃতসরের লোহোরকা রোডে বাইকাসওয়ার অজ্ঞাতপরিচয় দুই দুর্বৃত্তের গুলিতে খুন হন ‘ম্যাড সান্ধু’ (যার আসল নাম মধুসূদন)। ঘটনার পরপরই তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই চাঞ্চল্যকর পোস্টটির সত্যতা যাচাই এবং এর নেপথ্যে থাকা আসল চক্রীদের ধরতে এখন ময়দানে নেমেছে পুলিশ ও বিভিন্ন তদন্তকারী গোয়েন্দা সংস্থা।