ককপিটে সহ-পাইলটের কুড়ালের কোণ থেকেও রক্ষা করলেন ১৮০ যাত্রীকে! ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে নিয়ে কী বললেন শাহরুখ খান?

দুবাই থেকে তেল আবিব যাওয়ার পথে ফ্লাইদুবাইয়ের FZ1073 ফ্লাইটে ঘটে যাওয়া রোমহর্ষক ঘটনা যেন রূপকথাকেও হার মানায়। গত ৩০ সেপ্টেম্বর মাঝাকাশে বড়সড় দুর্ঘটনার মুখে পড়েছিল বিমানটি। বিমানে থাকা প্রায় ১৮০ জন যাত্রীর জীবন যখন চরম বিপদের মুখে, তখন চরম সাহসিকতার পরিচয় দেন ভারতীয় বংশোদ্ভূত পাইলট ক্যাপ্টেন স্মিত মাচার (Smit Machar)।
জানা যায়, ওই সংকটজনক মুহূর্তে তার ওমানি সহ-পাইলট হাম্মাম আল-হাম্মামি হঠাৎই কুড়াল নিয়ে তার ওপর চড়াও হন। কিন্তু নিজের জীবনের পরোয়া না করে ক্যাপ্টেন মাচার সাহসিকতার সঙ্গে ককপিটের দরজা খুলে ফেলেন। এরপর বিমানের সাহসী যাত্রীরা তৎপর হয়ে ওই সহ-পাইলটকে কাবু করেন এবং শেষ পর্যন্ত মাচার বিমানটিকে নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন।
এই বীরত্বপূর্ণ ঘটনার পর থেকেই বিশ্বজুড়ে প্রশংসার জোয়ারে ভাসছেন পাইলট স্মিত মাচার। সলমন খান এবং পরেেশ রাওয়ালের পর এবার এই তালিকায় নাম লেখালেন বলিউড বাদশাও। সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট শেয়ার করে স্মিত মাচারের ভূয়সী প্রশংসা করেছেন শাহরুখ খান।
মাচারের সাহসিকতা প্রসঙ্গে বলতে গিয়ে কিং খান নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, “ক্যাপ্টেন স্মিত মাচার, যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন আপনি অবিচল ছিলেন। এমন ভয়ংকর পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে অন্যদের জীবন রক্ষা করার আপনার এই মানসিকতা সত্যিই অনুপ্রেরণাদায়ক।” গোটা ঘটনায় এই বীর পাইলটের প্রশংসায় এখন মুখরিত গোটা দেশ তথা বলিউড মহল।