পুলিশকে লক্ষ্য করে গুলি, পালটা জবাব পঞ্জাব পুলিশের! বাইক থামাতেই কেন খতম হতে হলো গ্যাংস্টার নুরকে?

পাঞ্জাবের অমৃতসরে প্রকাশ্য দিবালোকে গ্রাম পঞ্চায়েত প্রধানকে খুনের ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। মঙ্গলবার রাতে তরণ তারণ জেলায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হলো কুখ্যাত দুষ্কৃতী হারনূর সিং ওরফে নুরের। মৃত হারনূর কুখ্যাত গ্যাংস্টার আফ্রিদি এবং প্রভ দাসুয়ালের ঘনিষ্ঠ সহযোগী ছিল বলে জানিয়েছে পুলিশ।

যেভাবে শুরু হলো সংঘর্ষ পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে তরণ তারণে টহলদারির সময় একটি বাইককে প্রচণ্ড গতিতে আসতে দেখে থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু বাইক না থামিয়ে হারনূর কর্তব্যরত পুলিশকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। একটি গুলি এক পুলিশকর্মীর বুক লক্ষ্য করে এলেও বুলেটপ্রুফ জ্যাকেট থাকায় তিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ওই দুষ্কৃতী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চায়েত প্রধান খুনের মাস্টারমাইন্ড! ফিরোজপুর রেঞ্জের ডিআইজি স্নেহদীপ শর্মা জানিয়েছেন, গত রবিবার অমৃতসরে একটি বিয়ের অনুষ্ঠানে ভালতোহা গ্রাম পঞ্চায়েতের প্রধান জারমাল সিংকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। ওই খুনের ঘটনায় প্রভ দাসুয়ালের গ্যাং সোশ্যাল মিডিয়ায় দায় স্বীকার করেছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জারমাল সিংকে সশরীরে গুলি করেছিল এই হারনূরই। পুলিশের হাত থেকে বাঁচতেই সে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিল।

তুঙ্গে রাজনৈতিক তরজা পঞ্চায়েত প্রধানকে খুনের ঘটনায় পাঞ্জাবের আম আদমি পার্টি (AAP) সরকারের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের পদত্যাগ দাবি করে সরব হয়েছেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনেওয়ালা। তবে মঙ্গলবারের এই এনকাউন্টার পাঞ্জাব পুলিশের কার্যকারিতা নিয়ে যেমন প্রশংসা কুড়াচ্ছে, তেমনই বিরোধী শিবিরের তোপ থেকে সরকারকে কিছুটা স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।

বর্তমানে এলাকায় ব্যাপক পুলিশি তল্লাশি চলছে এবং এই গ্যাংয়ের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিশেষ দল।