‘পিএইচ-ডি করার সময় পশ্চিমবঙ্গের ভূগোল শেখা হয়নি?’ মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার ‘অজুহাতবাজ গুরু’ বললেন তথাগত রায়

প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত উত্তরবঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর এবার তাঁকে তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। মঙ্গলবার এক্স (পূর্বে টুইটার)-এ একটি বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দিদিমা’ বলে উল্লেখ করে তিনি তাঁকে ‘অজুহাতবাজ গুরু’-র তকমা দিয়েছেন।
মঙ্গলবার দুধিয়া থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নেপাল, ভুটান ও সিকিম থেকে আসা নদীর জল পশ্চিমবঙ্গে বন্যা ও ধস পরিস্থিতির সৃষ্টি করছে এবং একাধিক বাঁধের কারণে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। তাঁর এই মন্তব্যকেই আক্রমণ করেন তথাগত রায়।
‘আমরা কটা রাজ্যের জল সামলাব?’
তথাগত রায় তাঁর এক্সবার্তায় মুখ্যমন্ত্রীর মন্তব্যকে উদ্ধৃত করে লেখেন: “ওঃ! আমাদের দিদিমা গুরু, গুরু! বলে কি না, আমরা কটা রাজ্যের জল সামলাব? সিকিম, ভুটান, ডিভিসি! সব ম্যান-মেড বন্যা!”
প্রাক্তন রাজ্যপাল কটাক্ষের সুরে প্রশ্ন তোলেন, “কেন, ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচ-ডি করার সময় পশ্চিমবঙ্গের ভূগোলের জ্ঞান দরকার হয়নি?”
তিনি আরও লেখেন, “অজুহাতবাজিতে যে গুরু সিপিএমকেও ছাড়িয়ে গেলেন দিদিমা!”
রাজনৈতিক মহলের মতে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও মুখ্যমন্ত্রী যেখানে কেন্দ্রের কাছে ইন্দো-ভুটান রিভার কমিশনে রাজ্যের প্রতিনিধি দাবি করেছেন, সেখানেই তাঁর এই ‘ম্যান-মেড বন্যা’ তত্ত্ব নিয়ে খোঁচা দিলেন তথাগত রায়। তাঁর এই আক্রমণের ফলে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও জোরালো হলো।