“পাথর দিয়ে মাথা থেঁতলে ভয়ংকর খুন!”-কী ঘটেছিল জেলাশাসকের গাড়ি চালকের সঙ্গে?

কোচবিহারে এক জেলাশাসকের অফিসের গাড়ি চালককে পাথর দিয়ে মাথা থেঁতলে অত্যন্ত নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল। মঙ্গলবার গভীর রাতে কোচবিহার-২ ব্লকের খাপাইডাঙা গ্রাম পঞ্চায়েতের তল্লিতলা এলাকার বাসিন্দা তাপস সরকার (৩৬) নামে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে বড়গিলা এলাকায় গতকাল রাত দেড়টা নাগাদ রাস্তার ধার থেকে ওই যুবককে সংজ্ঞাহীন ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর দ্রুত তাঁকে কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতেই তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে এবং কী কারণে এই খুন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।