পাখির চোখ টি-২০ বিশ্বকাপ; বরোদায় কিউয়ি যুদ্ধের আগে বিরাট-রোহিতকে প্রশংসায় ভরালেন ব্রেসওয়েল

আগামী রবিবার বরোদায় শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। কিন্তু ম্যাচ শুরুর আগেই ভারতীয় মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির দাপট নিয়ে সজাগ কিউয়ি পেসার কাইলি জেমিসন। জেমিসন স্পষ্ট স্বীকার করেছেন যে, ভারতের মাটিতে রোহিত-কোহলি জুটির বিরুদ্ধে বল করা বিশ্বের যেকোনো বোলারের কাছেই বড় চ্যালেঞ্জ। তাঁর মতে, নিজেদের ঘরে এই দুই ব্যাটার এতটাই অপ্রতিরোধ্য যে তাঁদের বিরুদ্ধে সাফল্য পাওয়া কঠিন।

তবে শুধু ওয়ানডে সিরিজ নয়, নিউজিল্যান্ড দলের আসল লক্ষ্য এক মাস পরের টি-২০ বিশ্বকাপ। ভারতের বিরুদ্ধে এই আট ম্যাচের সাদা বলের সিরিজকে (৩টি ওয়ানডে ও ৫টি টি-২০) বিশ্বকাপের মহড়া হিসেবেই দেখছে কিউয়ি ব্রিগেড। অন্যদিকে, কিউয়ি অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল একধাপ এগিয়ে জানান, তিনি রোহিত ও বিরাটকে ২০২৭ বিশ্বকাপেও খেলতে দেখতে চান। ব্রেসওয়েলের মতে, এই দুই তারকার ফর্ম ও রেকর্ড এতটাই ঈর্ষণীয় যে তাঁদের এখনই থামার কোনো কারণ নেই। ২১ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের টি-২০ পর্ব।