পাঁচ রাজ্যে মোদীর তিন দিনের সফর! মিজোরামের পর আজ মণিপুরে, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সাজছে ইম্ফল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শনিবারের মণিপুর সফরের আগে ইম্ফলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মণিপুরে কুকি এবং মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাতের পর এই প্রথম প্রধানমন্ত্রী এই রাজ্যে যাচ্ছেন। প্রায় ২৮ মাস পর মণিপুরে পা রাখছেন তিনি।
মণিপুর সফরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গোটা ইম্ফল শহরকে সাজিয়ে তোলা হয়েছে। শহরের চারপাশে পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কড়া নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। মোদী আজ দুপুর ১২:৩০ টায় চুরাচাঁদপুরে ৭,৩০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
৩,৬০০ কোটি টাকার মণিপুর শহুরে সড়ক, নিকাশী এবং সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প।
২,৫০০ কোটি টাকারও বেশি মূল্যের পাঁচটি জাতীয় সড়ক প্রকল্প।
মণিপুর ইনফোটেক ডেভেলপমেন্ট (MIND) প্রকল্প।
নয়টি স্থানে কর্মজীবী মহিলাদের হোস্টেল।
এছাড়া, মোদী ইম্ফালে ১,২০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন এবং দুপুর ২:৩০ টায় একটি জনসভায় ভাষণ দেবেন।
পাঁচ রাজ্যের তিন দিনের সফর
প্রধানমন্ত্রীর এই সফর মিজোরাম, মণিপুর, আসাম, পশ্চিমবঙ্গ এবং বিহার – এই পাঁচটি রাজ্য জুড়ে বিস্তৃত। এই তিন দিনের সফরে তিনি ৭১,৮৫০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোদীর সফর শুরু হয়েছে মিজোরাম থেকে। সেখানে তিনি আইজলে ৯,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং একটি জনসভায় ভাষণ দেন। এই প্রকল্পগুলি রেলপথ, সড়কপথ, জ্বালানি এবং ক্রীড়াক্ষেত্রের উন্নয়নের সঙ্গে যুক্ত।
এই সফরের অংশ হিসেবে, মোদী তিনটি নতুন ট্রেনের সূচনা করেন – আইজল-দিল্লি (আনন্দ বিহার টার্মিনাল) রাজধানী এক্সপ্রেস, আইজল-গুয়াহাটি এক্সপ্রেস এবং আইজল-কলকাতা এক্সপ্রেস। এছাড়াও তিনি আইজল বাইপাস রোড, থেনজাওল-সিয়ালসুক রোড এবং খানকাওন-রঙ্গুরা রোডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ক্রীড়া উন্নয়নের জন্য খেলো ইন্ডিয়া মাল্টিপারপাস ইনডোর হলেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।