পথকুকুরদের খাবার দেওয়ায় বাধা! শান্তিপুরে প্রাণনাশের হুমকির শিকার পশুপ্রেমী ভাই-বোন

পথকুকুরদের খাবার দেওয়া নিয়ে চরম বিতর্কে জড়িয়ে পড়লেন শান্তিপুরের দুই পশুপ্রেমী ভাই-বোন। শান্তনু বিশ্বাস এবং সায়ন্তিকা বিশ্বাস অভিযোগ করেছেন, পথের সারমেয়দের খাওয়ানোর জন্য তাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে তারা শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী সায়ন্তিকা বিশ্বাস জানান, তারা দীর্ঘদিন ধরে শান্তিপুর রেলগেট সংলগ্ন একটি নির্দিষ্ট জায়গায় পথকুকুরদের খাবার দেন। কিন্তু সম্প্রতি স্থানীয় কিছু বাসিন্দা তাদের এই কাজে বাধা দিচ্ছেন। অভিযুক্তদের দাবি, রাস্তার ধারে বা তাদের বাড়ির সামনে কুকুরদের খাবার দেওয়া যাবে না। এমনকী রেলের জমিতেও তাদের খাবার দিতে বাধা দেওয়া হয়েছে, যদিও রেল কর্তৃপক্ষ এ নিয়ে কোনো আপত্তি জানায়নি।
সায়ন্তিকা আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তাদের রেললাইনের মাঝে খাবার দেওয়ার অমানবিক পরামর্শ দিয়েছিলেন। এই বিপজ্জনক প্রস্তাবের বিরোধিতা করায় তাদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
অভিযুক্ত মেনকা বিশ্বাস অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমরাও কুকুরদের ভালোবাসি এবং দীর্ঘদিন ধরে খাবার দিই। কিন্তু ওরা একদম বাড়ির সামনে খাবার দেয়, যার ফলে জায়গাটা নোংরা হয়। আমরা শুধু বলেছি অন্য কোনো জায়গায় খাবার দিতে।” তিনি আরও বলেন, রেললাইনের পাশে খাবার দিলে দুর্ঘটনার আশঙ্কা থাকে, তাই এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
এই ঘটনায় এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানন্দ বিশ্বাস বলেন, “পশুদের খাবার দেওয়া খুবই ভালো কাজ, কিন্তু তা যদি কারো বাড়ির সামনে না দিয়ে নির্দিষ্ট একটা জায়গায় করা হয় তবে ভালো হয়।” তিনি আরও জানান, এই ধরনের ছোটখাটো বিষয় নিয়ে থানায় লিখিত অভিযোগ করা উচিত নয়, বরং নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া উচিত।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় পশুপ্রেমী মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছে।