বৃষ্টি আর ধসে বিপর্যস্ত সিকিম! মৃত্যু ৪ জনের, নিখোঁজ আরও অনেক, পুজোর আগে চরম আতঙ্ক

টানা বৃষ্টি আর ভূমিধসে বিপর্যস্ত সিকিমের জনজীবন। পশ্চিম সিকিমের রিম্বি এলাকার ইয়াংথাঙে ভয়াবহ ভূমিধসে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার ভোরে ইয়াংথাঙে এই ধস নামে। ওপর থেকে নেমে আসা কাদামাটি এবং পাথর একটি বাড়ির উপর আছড়ে পড়লে বাড়ির ভেতরে থাকা পরিবারের সদস্যরা আটকে পড়েন। পুলিশ এবং সশস্ত্র সীমান্ত বল (এসএসবি) ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে নিয়ে উদ্ধারকাজ শুরু করে। প্রাথমিকভাবে তিনজনের মরদেহ উদ্ধার করা হয় এবং গুরুতর আহত অবস্থায় দুই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।

প্রতিকূল আবহাওয়া ও পাহাড়ি দুর্গম এলাকার কারণে উদ্ধারকাজ বারবার বাধাগ্রস্ত হচ্ছে। হিউম নদী প্লাবিত হওয়ায় দুর্ঘটনাস্থল বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে উদ্ধারকারীরা একটি অস্থায়ী কাঠের সেতু তৈরি করে নদীর ওপারে পৌঁছান।

পশ্চিম সিকিমে এই ভয়াবহ ধসের কারণ একটাই – লাগাতার অতিবৃষ্টি। গত কয়েক মাস ধরেই সিকিম-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। ১০ নম্বর জাতীয় সড়কও বেশ কয়েকবার বন্ধ হয়ে যাওয়ায় পর্যটক ও স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে এই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এর মাঝেই পর্যটন কেন্দ্র লাচুং খুলে যাওয়ায় পর্যটন ব্যবসায়ীরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। যদিও লাচেন এখনও বন্ধ রয়েছে, তবুও লাচুং, ইয়ুমথাং এবং ইয়াকসুম খুলে যাওয়ায় পূজার সময় কিছু পর্যটক পাওয়ার আশা দেখছেন ব্যবসায়ীরা।