ভোটের ময়দানে ভাঙড় মানেই টানটান উত্তেজনা। শনিবার ভাঙড়ের কাটাডাঙ্গা মাঠে তৃণমূল প্রার্থী সওকত মোল্লার সমর্থনে আয়োজিত জনসভা থেকে আইএসএফ (ISF) নেতা নৌশাদ সিদ্দিকিকে নজিরবিহীন আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নৌশাদের কেন্দ্রীয় নিরাপত্তা (CRPF) নিয়ে প্রশ্ন তুলে সরাসরি ‘বিজেপি-সেটিং’ তত্ত্ব উসকে দিলেন তিনি।
“অমিত শাহর সঙ্গে ডিলটা কী?”
ভাঙড়ের সভা থেকে নৌশাদ সিদ্দিকিকে সরাসরি বিঁধে অভিষেক প্রশ্ন তোলেন, কেন একজন বিরোধী বিধায়ককে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা সিআরপিএফ পাহারা দিচ্ছে? তিনি বলেন:
“মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের মুখ্যমন্ত্রী, তাঁকে পাহারা দেয় রাজ্য পুলিশ। আর নৌশাদ সিদ্দিকি আর হুমায়ুন কবীরকে পাহারা দিচ্ছে অমিত শাহের সিআরপিএফ! ডিলটা কী? কোন শর্তে এই নিরাপত্তা পাওয়া যাচ্ছে, জবাব আছে কি?”
চ্যালেঞ্জ ও আরজি কর প্রসঙ্গ
অভিষেক বন্দ্যোপাধ্যায় নৌশাদকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানান, যদি এতই জনপ্রিয়তা থাকে তবে কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়ে ভাঙড়ে ঢুকে দেখান নৌশাদ। অভিষেকের কথায়, “বিবেকবোধ থাকলে সিআরপিএফ ছেড়ে ভাঙড়ে ঢুকুন, প্রয়োজনে রাজ্য সরকার আপনাকে সুরক্ষা দেবে। সেই দায়িত্ব আমার।” একইসঙ্গে এসআইআর (SIR) বা আরজি কর ইস্যু থেকে শুরু করে সংখ্যালঘুদের অধিকার রক্ষার লড়াইয়ে নৌশাদকে কোথায় দেখা গিয়েছিল, সেই প্রশ্নও তোলেন তিনি।
ভাঙড়ের কঠিন সমীকরণ
২০২১ সালে ভাঙড় থেকে জিতে চমক দিয়েছিলেন নৌশাদ। এবারও তিনি জয়ের ব্যাপারে ‘২০০ শতাংশ’ আশাবাদী। তবে এবার তাঁর উল্টোদিকে সওকত মোল্লার মতো হেভিওয়েট প্রার্থীকে দাঁড় করিয়ে ভাঙড় পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল। একদিকে আইএসএফ-এর নৌশাদ, অন্যদিকে তৃণমূলের সওকত এবং বিজেপির জয়ন্ত গায়েন— সব মিলিয়ে ভাঙড়ে এবার ত্রিমুখী লড়াইয়ের মেজাজ।
এরই মধ্যে হুমায়ুন কবীরের ‘আম জনতা উন্নয়ন পার্টি’-র উপস্থিতি লড়াইকে আরও জটিল করে তুলেছে। অভিষেকের এই ‘নিরাপত্তা’ আক্রমণ ভাঙড়ের সংখ্যালঘু ভোটারদের মনে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।





