নিমপীঠে ‘ধনধান্য কৃষি যোজনা’ নিয়ে বিরাট সেমিনার, ভিডিয়ো কনফারেন্সে মোদির প্রকল্পের উদ্বোধন দেখলেন ৪৫০ কৃষক

বরাবর কৃষি ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসা নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হলো দিনব্যাপী এক বিরাট সেমিনার— যার মূল বিষয় ছিল ‘ধনধান্য কৃষি যোজনা’। এই অনুষ্ঠানে দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন ব্লকের প্রায় ৪৫০ জন কৃষক ভাই ও বোনেরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর ৪২০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন:
দিল্লির জাতীয় কৃষি বিজ্ঞান পরিসর থেকে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধনধান্য কৃষি যোজনা, ডালশস্য আত্মনির্ভরতা মিশন-সহ মোট ৪২,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ কৃষি প্রকল্পের শুভ উদ্বোধন করেন। এই উদ্বোধন অনুষ্ঠানটি সারা দেশ জুড়ে ৭৩১টি কৃষি বিজ্ঞান কেন্দ্রে উপস্থিত কৃষিজীবিরা একযোগে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে দেখেন। কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, এই কৃষি পরিকল্পনাগুলি ভবিষ্যতে ভারতের কৃষিকাজকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে।
নিমপীঠের অনুষ্ঠানে কী আলোচনা হলো?
নিমপীঠের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রামকৃষ্ণ আশ্রমের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী মুক্তানন্দজি মহারাজ। স্বাগত ভাষণে এই কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ডক্টর চন্দন কুমার মণ্ডল আলোকপাত করেন।
তিনি জানান, জাতীয় ডালশস্য মিশন, তৈলবীজ মিশন, খাদ্য সুরক্ষা মিশন এবং প্রাকৃতিক চাষ মিশনের মতো উদ্যোগগুলির মাধ্যমে দেশ কীভাবে আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে। এর সঙ্গে আগামী দিনে কৃষি ক্ষেত্রে উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার, যেমন— ড্রোন, মাইক্রো সেচ ইত্যাদির ব্যবহার কীভাবে আরও বাড়ানো যায়, সে বিষয়েও তিনি আলোকপাত করেন।
পরবর্তীতে কৃষি বিজ্ঞান কেন্দ্রের অন্যান্য বিজ্ঞানীগণ তাঁদের সুচিন্তিত বক্তব্যের মাধ্যমে কৃষি কাজ আরও কীভাবে লাভজনক করা যায়, সে বিষয়ে কৃষকদের মূল্যবান পরামর্শ দেন। এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আগত কৃষকরাও বেশ খুশি বলে জানা গিয়েছে।