নিখোঁজ ‘এফবি মা কালী’র হদিশ মিলল রক্তচড়ায়! ট্রলারের ভেতর থেকে উদ্ধার ৯ জনের মৃতদেহ

বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার ‘এফবি মা কালী’র ধ্বংসাবশেষের খোঁজ মিলল রবিবার দুপুরে। দক্ষিণ ২৪ পরগনার রক্তচড়া এলাকার কাছে ডুবে থাকা ট্রলারটি উদ্ধার করেছেন গোবর্ধনপুর থানার পুলিশ, বন দফতর ও ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (কোস্ট গার্ড)। উদ্ধার করা ট্রলারের ভেতর থেকে ৯ জন মৎস্যজীবীর দেহ পাওয়া গিয়েছে, যা এই মুহূর্তে উপকূলবর্তী এলাকায় শোকের পরিবেশ তৈরি করেছে।

কী ঘটেছিল? চলতি মাসের শুরুতে পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর ফিশিং হারবার থেকে মোট ১৫ জন মৎস্যজীবী নিয়ে মাছ ধরতে সমুদ্রে পাড়ি দিয়েছিল ‘এফবি মা কালী’। জানা গিয়েছে, ওই মৎস্যজীবীদের মধ্যে ১২ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং ৩ জন ওড়িশার। মাঝ সমুদ্রে নিম্নচাপ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গত ২ জুলাইয়ের পর থেকে ট্রলারটি নিখোঁজ ছিল।

দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন এবং শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রলার্স অ্যাসোসিয়েশন বিষয়টি প্রশাসনের নজরে আনার পর থেকেই জোরকদমে উদ্ধারকাজ শুরু হয়। দীর্ঘ প্রচেষ্টার পর রক্তচড়া এলাকায় ট্রলারটির সন্ধান মেলে।

এখনও নিখোঁজ ৬ জন উদ্ধারকাজ চলাকালীন ট্রলারের ভেতর থেকে ৯টি দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও ৬ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। সোমবার সকাল থেকে পুলিশ, বন দফতর ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে নিখোঁজদের খোঁজে ফের তল্লাশি অভিযান চালানো হচ্ছে। প্রশাসনের আশঙ্কা, উদ্ধার হওয়া মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইতিমধ্যেই উদ্ধার হওয়া দেহগুলি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে। মাছ ধরতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতির ঘটনায় দিশেহারা নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারগুলো।