‘দূষিত জল পান করে মৃত্যু’! পুদুচেরিতে চরম স্বাস্থ্যসংকট, তীব্র প্রতিবাদে বিরোধীরা

পুদুচেরিতে দূষিত জলপান করে একের পর এক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ও রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, সন্দেহজনকভাবে দূষিত জল পান করে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এই ঘটনার পর থেকেই অল ইন্ডিয়া এনআর কংগ্রেস সরকারের বিরুদ্ধে বিরোধী দল ও বিভিন্ন সামাজিক সংগঠনগুলো তীব্র প্রতিবাদে নেমেছে।
সরকারি ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, গত ১০ সেপ্টেম্বর থেকে পুদুচেরির গোবিন্দাসালাই এবং নেল্লিথোপ এলাকার বাসিন্দারা বমি ও ডায়রিয়ার মতো অসুস্থতায় ভুগতে শুরু করেন। আক্রান্তদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা প্রাথমিক তদন্তে জানান, দূষিত জলপানের কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকার পানীয় জলে দুর্গন্ধ ও নোংরা মিশ্রিত ছিল। এ বিষয়ে বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এই ঘটনার পর থেকেই ডিএমকে এবং এআইএডিএমকে-এর মতো বিরোধী দলগুলো আলাদা আলাদাভাবে বিক্ষোভ করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে বহু সামাজিক সংগঠন। বিক্ষোভকারীরা পুদুচেরি সরকারের বিরুদ্ধে চূড়ান্ত অবহেলার অভিযোগ তুলেছেন। তাদের দাবি, যদি সময় মতো ব্যবস্থা নেওয়া হতো, তাহলে এই মৃত্যু এড়ানো যেত। প্রতিবাদের অংশ হিসেবে ডিএমকে ও এআইএডিএমকে কর্মীরা দূষিত এলাকার জলভর্তি বোতল নিয়ে মিছিল করেন। তারা অভিযোগ করেন, প্রশাসন সবকিছু জানা সত্ত্বেও পানীয় জল সরবরাহে কোনো নজরদারি রাখেনি।