এবার ই-কোলাই ব্যাকটেরিয়া তৈরি করবে প্লাস্টিক! বিশ্বকে চমকে দিলেন জাপানি বিজ্ঞানীরা

বিশ্বজুড়ে প্লাস্টিক দূষণের ভয়াবহ সমস্যার সমাধানে এক যুগান্তকারী আবিষ্কার করেছেন জাপানের কোবি বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। তারা আমাদের অন্ত্রে থাকা সাধারণ ব্যাকটেরিয়া এসেরিকিয়া কোলাই (E. Coli) ব্যবহার করে এমন এক ধরনের প্লাস্টিক তৈরি করেছেন, যা পরিবেশের জন্য সম্পূর্ণ নিরাপদ।

সাধারণত ই-কোলাই ব্যাকটেরিয়া মানবদেহে কোনো ক্ষতি করে না, কিন্তু যখন এটি আক্রমণাত্মক হয়ে ওঠে তখন ডায়রিয়া ও মূত্রনালীর সংক্রমণের মতো সমস্যা দেখা দেয়। জাপানের গবেষকরা এই ব্যাকটেরিয়াকে কাজে লাগিয়ে পরিবেশবান্ধব পিডিএসএ প্লাস্টিক তৈরি করেছেন। তারা ই-কোলাই ব্যাকটেরিয়াকে গ্লুকোজ এবং বিশেষ কিছু পাচক উপাদান খেতে দেন, যার ফলে ব্যাকটেরিয়াটি এক ধরনের বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরি করে। এই প্লাস্টিক নাইট্রোজেন-ভিত্তিক হওয়ায় এটি পরিবেশের জন্য ক্ষতিকর নয়।

এই উদ্ভাবন প্রচলিত পিইটি (PET) প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করবে। পিইটি প্লাস্টিক সহজে নষ্ট হয় না এবং এটি সমুদ্রের তলদেশেও জমা হচ্ছে, যা সামুদ্রিক প্রাণীদের জীবন বিপন্ন করে তুলছে।

প্লাস্টিক দূষণ বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান সমস্যা। এই দূষণের কারণে কেবল পরিবেশই নয়, মানুষ এবং অন্যান্য জীবজগতও মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে। এই পরিবেশবান্ধব প্লাস্টিকের প্রচলন বাড়লে তা প্লাস্টিক দূষণ কমাতে সাহায্য করবে এবং সামুদ্রিক প্রাণীসহ জীবজগতকে রক্ষা করবে।

এই গবেষণার বিস্তারিত তথ্য বিখ্যাত জার্নাল মেটাবলিক ইঞ্জিনিয়ারিং-এ প্রকাশিত হয়েছে। এই আবিষ্কার মানবসভ্যতাকে প্লাস্টিক দূষণ থেকে বাঁচাতে এক নতুন দিশা দেখাচ্ছে।