দিল্লি: পরিস্থিতি ভয়াবহ! দূষণে অসুস্থ কুকুরকে দিতে হচ্ছে নেবুলাইজার, স্কুলে খেলাধুলা বন্ধের নির্দেশ আদালতের

শুক্রবার দিল্লির বায়ুদূষণের মাত্রা বিপজ্জনক স্তর ছাড়িয়ে যাওয়ায় রাজধানীতে চরম স্বাস্থ্য-সঙ্কট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আদালত স্কুলপড়ুয়াদের খোলা জায়গায় প্রার্থনা বা খেলাধুলো করায় নিষেধাজ্ঞা জারি করেছে। কর্তৃপক্ষ প্রতিটি স্কুলকে নির্দেশ দিয়েছে, শীতকালীন স্পোর্টস, দৈনিক খেলা বা স্বাস্থ্যচর্চার ক্লাস যেন মাঠে না করানো হয়, কারণ এতে শিশুদের শারীরিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

দিল্লির বাতাস এতটাই বিষাক্ত হয়ে উঠেছে যে, বাড়ির পোষ্যরাও এতে আক্রান্ত হচ্ছে। দিল্লির এক বাসিন্দা সোশ্যাল মিডিয়ার পোস্টে জানিয়েছেন, পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে, তাঁর পোষা গোল্ডেন রিট্রিভার কুকুরের ব্রঙ্কাইটিস হয়ে গিয়েছে। ডাক্তারের পরামর্শে তাকে এখন নেবুলাইজার দিতে হচ্ছে।

রেডিট পোস্টে ওই কুকুরের মালিক লিখেছেন, “Air so s**t even my dog’s sick।” তিনি জানান, পুরো পরিবার অসুস্থ (পুর পরিবার বিমার) এবং তাঁর পোষ্যকেও দূষণের ফলে ব্রঙ্কাইটিসের জন্য নেবুলাইজার দিতে হচ্ছে। এই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়, যেখানে হাজার হাজার মানুষ তাঁদের ব্যক্তিগত স্বাস্থ্য-সঙ্কটের কথা তুলে ধরেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “পারলে দিল্লি ছেড়ে এখনই অন্য কোথাও পালাও।”

বিভিন্ন সমীক্ষা ও চিকিৎসা সংক্রান্ত সতর্কবার্তা বলছে, গত একমাস ধরে দিল্লি-এনসিআরের প্রায় ৮০ শতাংশ পরিবারের অন্তত একজন সদস্য বিষাক্ত বাতাসের প্রভাবে অসুস্থতায় ভুগছেন। এই পরিস্থিতিকে অনেকে জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারির সমতুল বলে মনে করছেন।

শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দিল্লির গড় দূষণ মাত্রা ছিল ৩৭০ (ভীষণ খারাপ)। এই নিয়ে টানা আটদিন রাজধানীর একিউআই (AQI) স্তর ছিল মারাত্মক খারাপ। চাঁদনি চক, আনন্দ বিহার, বিহার মুন্ডকা-সহ প্রায় ১৮টি কেন্দ্রে দূষণের স্তর ৪০০-৪৫০-এর বেশি ধরা পড়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ছয়দিন অবস্থা বিপজ্জনক থেকে অতি খারাপ স্তরে ওঠানামা করবে।

হাসপাতালগুলোতে আচমকা শ্বাসকষ্ট ও দূষণ সংক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় ডাক্তাররা এটিকে চিকিৎসা জরুরি অবস্থা বলে বর্ণনা করেছেন। এইমসের ডাক্তার অনন্ত মোহন সতর্ক করে বলেছেন, এখানকার দূষণ খুবই বিপজ্জনক এবং প্রাণঘাতী হয়ে উঠছে। শুধু শ্বাসকষ্ট নয়, দূষণে হৃদপিণ্ড, মস্তিষ্ক এবং মানসিক স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকী গর্ভজাত সন্তানেরও ক্ষতি হচ্ছে। তাঁর মতে, “আমরা নিশ্চিত এখানকার মানুষের আয়ুষ্কাল কমে যাবে।”

উপগ্রহ চিত্রে পাঞ্জাব (১৬), হরিয়ানা (১১) এবং উত্তরপ্রদেশে (১১৫) ফসলের গোড়া পোড়ানো ধরা পড়লেও, বাতাসের গতি উত্তরমুখী হওয়ায় পার্শ্ববর্তী দিল্লি-এনসিআরের দিকে ধোঁয়া ভেসে আসছে। গাড়ির দূষণের পাশাপাশি এই ধোঁয়াই পরিস্থিতিকে আরও দুর্বিষহ করে তুলেছে।