পশ্চিমবঙ্গের নবগঠিত বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন নিয়ে উত্তেজনা তুঙ্গে। গত ১ জুন শপথ নেওয়ার পর থেকেই মন্ত্রীরা কোন দপ্তরের দায়িত্ব সামলাবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছিল জোর জল্পনা। সেই জল্পনার অবসান ঘটিয়ে আজ রাতেই দপ্তর বণ্টনের চূড়ান্ত তালিকা প্রকাশ পেতে পারে বলে নবান্ন সূত্রের খবর।
দিল্লিতে আড়াই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক দপ্তর বণ্টন চূড়ান্ত করতে শুক্রবার ঝটিকা সফরে নয়াদিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের শীর্ষ নেতৃত্ব নিতিন নবীন ও সুনীল বনসলের সঙ্গে দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠক করেন তিনি। নির্ভরযোগ্য সূত্রের খবর, মন্ত্রীদের পোর্টফোলিও বা কোন দপ্তরের দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠকে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী দপ্তর বণ্টনের চূড়ান্ত তালিকা নিয়ে সন্তোষজনক বার্তা নিয়ে ফিরছেন বলে জানা যাচ্ছে।
পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় কারা রয়েছেন? উল্লেখ্য, গত ৯ মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রথম দফার ৫ জন মন্ত্রীর শপথ গ্রহণের পর, ১ জুন মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটে। ওইদিন আরও ৩৫ জন বিধায়ক শপথ নেওয়ায় শুভেন্দু মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ৪১-এ।
নতুন শপথ নেওয়া মন্ত্রী তালিকায় রয়েছেন— দীপক বর্মন, তাপস রায়, শঙ্কর ঘোষ, মনোজ কুমার ওঁরাও, অর্জুন সিং, গৌরীশঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, অরূপ কুমার দাস, অজয় পোদ্দার এবং দুধকুমার মণ্ডল-সহ আরও অনেকে।
রাজনৈতিক মহলের নজর রাজ্যের প্রথম বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনিক কাজে গতি আনতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যে একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের নাম বদল ও নীতিগত সিদ্ধান্তের ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায়, কোন প্রভাবশালী নেতা কোন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পান, তা এখন দেখার অপেক্ষায় রাজ্যবাসী।





