তারাতলা কাণ্ডের জের: রাজ্যের কোন কোন এলাকায় বন্ধ নির্মাণকাজ? বিধানসভায় তালিকা দিলেন মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মাণ গুদাম ধসে ভয়াবহ দুর্ঘটনার জেরে রাজ্য জুড়ে তোলপাড়। এই পরিস্থিতির প্রেক্ষিতে কড়া পদক্ষেপ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, শুধু কলকাতা পুরসভা এলাকা নয়, সংলগ্ন বেশ কয়েকটি পুরসভা ও পঞ্চায়েত এলাকায় আপাতত চার সপ্তাহের জন্য সমস্ত ধরনের বাণিজ্যিক নির্মাণকাজ বন্ধ রাখা হচ্ছে।
যেসব এলাকায় নির্মাণকাজ বন্ধ: মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কলকাতা পুরসভা ছাড়াও নিম্নলিখিত এলাকাগুলোতে এই নির্দেশিকা কার্যকর হবে:
পুরসভা এলাকা: বজবজ, মহেশতলা, পূজালি, সোনারপুর এবং বারুইপুর।
গ্রামীণ ও অন্যান্য এলাকা: রাজারহাট-নিউটাউন এবং বিষ্ণুপুর গ্রামীণ এলাকা।
কী বললেন মুখ্যমন্ত্রী? বিধানসভায় মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, “তৃণমূল আমলে অনুমোদিত সমস্ত বিল্ডিং প্ল্যান এবং নির্মীয়মাণ কাজের নিরাপত্তা বা ‘সেফটি অডিট’ করা হবে।” তিনি আরও বলেন, অডিট রিপোর্টে সবুজ সংকেত পাওয়ার পরই ফের নির্মাণকাজের অনুমতি দেওয়া হবে। তবে হাসপাতাল বা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নির্মাণকাজগুলিকে এই বিধিনিষেধের আওতা থেকে বাইরে রাখা হয়েছে।
তৃণমূলকে তোপ: পূর্ববর্তী তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও কাটমানির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “অর্থের বিনিময়ে কলকাতাকে কার্যত মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছিল। এবার একদম ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। অডিট সার্টিফিকেট ছাড়া কাজ হবে না এবং অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।”
প্রশাসনিক এই পদক্ষেপ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার বিষয়।