বহুবিবাহ নিয়ে বিতর্কিত মন্তব্য! পাকিস্তানের উদাহরণ টেনে বিপাকে অজিত পাওয়ারের বিধায়ক সানা মালিক

মহারাষ্ট্র বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে এনসিপি (অজিত পাওয়ার গোষ্ঠী) বিধায়ক সানা মালিকের বহুবিবাহ সংক্রান্ত মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সানা মালিক বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে দাবি করেন যে, ইসলামে বহুবিবাহ অনুমোদিত এবং কুরআনে এর স্পষ্ট উল্লেখ রয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তানে যদি বহুবিবাহ প্রচলিত থাকে, তবে সেটি ভারতেও চালু করায় সমস্যা কোথায়? তাঁর এই মন্তব্যকে ঘিরে শাসক ও বিরোধী শিবিরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সানা মালিকের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিজেপি বিধায়ক নিতেশ রানে। তিনি পাল্টা আক্রমণ করে বলেন, কেন্দ্রীয় সরকার তিন তালাক নিষিদ্ধ করেছে এবং অভিন্ন দেওয়ানি বিধি (UCC) কার্যকরের পথে এগোচ্ছে। সানা মালিকের সংবিধান বিরোধী মন্তব্যের জেরে নিতেশ রানের কটাক্ষ, যারা দেশের আইন ও সংবিধান মানতে চান না, তাদের পদত্যাগ করে পাকিস্তানে চলে যাওয়াই শ্রেয়।

বিতর্কের মুখে পড়ে সানা মালিক পরে সাফাই দিয়েছেন। তিনি দাবি করেন, তাঁর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সানা ব্যাখ্যা করেন, বিজেপি বিধায়ক দেবযানী ফারান্দে পাকিস্তানের প্রসঙ্গ টেনে বহুবিবাহের বিষয়ে মন্তব্য করার পরই তিনি উত্তর দিয়েছিলেন। সানা বলেন, ভারতীয় মুসলমানরা পাকিস্তানকে কোনো আদর্শ বা ‘রোল মডেল’ মনে করে না। যদি কোনো পথনির্দেশ নিতে হয়, তবে তা সরাসরি কুরআন থেকেই আসা উচিত। তবে এই স্পষ্টীকরণ সত্ত্বেও রাজনৈতিক মহলে সানা মালিকের মন্তব্যের রেশ কাটছে না।