ট্রেনে বেশি মালপত্র নিলেই জরিমানা! একঝলকে দেখে নিন আপনার টিকিটে কত কেজি লাগেজ ফ্রি?

আপনি কি ট্রেনের কামরায় ঢাউস ঢাউস ব্যাগ নিয়ে সফর করতে অভ্যস্ত? তবে এবার সাবধান! ট্রেনের যাত্রী কামরায় লাগেজ বহনের ক্ষেত্রে কার্যত বিমানের মতো কড়াকড়ি শুরু করতে চলেছে ভারতীয় রেল। বুধবার লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সীমার বেশি মালপত্র বহন করলে যাত্রীদের অতিরিক্ত মাশুল বা জরিমানা দিতে হবে।

কোন ক্লাসে কত কেজি ফ্রি? দেখে নিন তালিকা:
রেলমন্ত্রী জানিয়েছেন, যাত্রীদের টিকিটের শ্রেণি বা কোচ অনুযায়ী আলাদা আলাদা লাগেজের সীমা আগে থেকেই নির্ধারিত রয়েছে:

জেনারেল (সেকেন্ড ক্লাস): বিনামূল্যে ৩৫ কেজি। চার্জ দিয়ে সর্বোচ্চ ৭০ কেজি।

স্লিপার ক্লাস: বিনামূল্যে ৪০ কেজি। চার্জ দিয়ে সর্বোচ্চ ৮০ কেজি।

এসি ৩-টিয়ার/চেয়ার কার: বিনামূল্যে ৪০ কেজি। (এর বেশি নেওয়ার অনুমতি নেই)।

এসি ২-টিয়ার/ফার্স্ট ক্লাস: বিনামূল্যে ৫০ কেজি। চার্জ দিয়ে সর্বোচ্চ ১০০ কেজি।

এসি ফার্স্ট ক্লাস: বিনামূল্যে ৭০ কেজি। চার্জ দিয়ে সর্বোচ্চ ১৫০ কেজি।

জরিমানা ও ব্যাগের মাপ নিয়ে কড়া নির্দেশ
রেলমন্ত্রী স্পষ্ট করেছেন যে, যদি কোনো যাত্রী তাঁর নির্ধারিত ‘ফ্রি লিমিট’ পার করেন, তবে অতিরিক্ত মালপত্রের জন্য স্বাভাবিক ভাড়ার দেড় গুণ হারে চার্জ দিতে হবে। শুধু ওজন নয়, ব্যাগের আয়তন নিয়েও কড়া বার্তা দিয়েছেন তিনি:

যাত্রী কামরায় ট্রাঙ্ক বা স্যুটকেসের মাপ হতে হবে সর্বোচ্চ ১০০ সেমি × ৬০ সেমি × ২৫ সেমি।

ব্যাগ এর থেকে বড় হলে তা কামরায় রাখা যাবে না, অবশ্যই পার্সেল ভ্যানে বুক করতে হবে।

কোনোভাবেই বাণিজ্যিক পণ্য (Commercial Goods) যাত্রী কামরায় নিয়ে সফর করা যাবে না।

রেল সূত্রে খবর, সহযাত্রীদের স্বাচ্ছন্দ্য বজায় রাখা এবং কামরার ভেতরে ভিড় ও বিশৃঙ্খলা এড়াতেই এই পুরনো নিয়মকে নতুন করে কড়াকড়িভাবে কার্যকর করা হচ্ছে। বিমানের মতো এখানেও ওজনের কাঁটায় মাপা হবে আপনার ব্যাগ। তাই আগামীবার ট্রেন সফরের আগে প্যাকিং করার সময় ওজনের দিকে নজর না দিলে স্টেশন চত্বরেই বড়সড় জরিমানার মুখে পড়তে হতে পারে।