ট্রেনে এবার রাজকীয় সফরের স্বাদ! রেলের AC কোচে আসছে নতুন ‘জয়পুরী প্রিন্টের’ রঙিন কম্বল কভার,

ট্রেনে ভ্রমণকে আরও আরামদায়ক ও রঙিন করে তুলতে এক নতুন উদ্যোগ নিল ভারতীয় রেলওয়ে। এবার এসি কোচে ভ্রমণকারী যাত্রীদের দেওয়া কম্বলগুলি মোড়ানো থাকবে রাজস্থানের ঐতিহ্যবাহী ‘জয়পুরী’ প্রিন্টে তৈরি আকর্ষণীয় কভারে। দীর্ঘদিন ধরে এসি কোচে ব্যবহৃত সাদা রঙের সাধারণ কম্বল কভারকে এবার ছুটি দিতে চলেছে রেল।
খাতিপুরা স্টেশনে পাইলট প্রজেক্ট
যাত্রীদের দেওয়া কম্বলের পরিচ্ছন্নতা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ মেটাতে এবং আরও আরামদায়ক পরিষেবা দিতেই রেলের এই পদক্ষেপ। জয়পুরের খাতিপুরা রেলওয়ে স্টেশনে পরীক্ষামূলকভাবে (Pilot Project) এই নতুন উদ্যোগ চালু করা হয়েছে। প্রথম দিনই জয়পুর–আহমেদাবাদ (আসারভা) এক্সপ্রেসে এই নতুন প্রিন্টেড কম্বল কভার সরবরাহ করা হয়। এই নতুন রঙিন কভার পেয়ে যাত্রীরা বেশ খুশি হয়েছেন।
প্রাথমিকভাবে কিছু নির্দিষ্ট ট্রেনে এটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে এবং প্রকল্পটি সফল হলে দ্রুত তা সারা দেশের ট্রেনের এসি কোচগুলিতে চালু করা হবে।
রেলমন্ত্রীর বার্তা: আরাম ও হস্তশিল্পের উৎসাহ
নতুন এই উদ্যোগের সূচনা করেছেন স্বয়ং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, নতুন কম্বল কভারগুলি ধোয়া যায়, দীর্ঘস্থায়ী এবং সহজে রক্ষণাবেক্ষণযোগ্য। কাপড়টি খুব সতর্কতার সঙ্গে নির্বাচন করা হয়েছে, যাতে টেকসই হওয়ার পাশাপাশি মানও বজায় থাকে।
রেলমন্ত্রী আরও উল্লেখ করেন, এই প্রকল্পটি শুধু যাত্রীদের আরামের জন্যই নয়, বরং এটি ভারতীয় হস্তশিল্প ও বস্ত্রশিল্পকে উৎসাহ দেওয়ার একটি প্রয়াস। তিনি আশাবাদী, এই প্রিন্টেড কভার যাত্রীদের খুবই পছন্দ হবে এবং খুব শিগগিরই ভারতের সমস্ত ট্রেনের এসি কোচে এমন রঙিন কম্বল দেখতে পাওয়া যাবে।