ধনতেরাসের রাতে দেগঙ্গায় ভয়ঙ্কর চুরির তাণ্ডব! গৃহস্থের বাড়ি ও মন্দির থেকে লক্ষাধিক টাকার সোনা-টাকা লুট

ধনতেরাসের শুভ লগ্নে যখন দেশজুড়ে সোনা, রূপা ও নতুন জিনিস কেনার রেওয়াজ চলছে, ঠিক সেই রাতেই উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় ঘটল এক নজিরবিহীন চুরির ঘটনা। দেগঙ্গা থানা এলাকার দেগাছিয়াতে এক গৃহস্থের বাড়িতে হানা দিয়ে চোরেরা লক্ষাধিক টাকার সোনা, রূপা ও নগদ অর্থ নিয়ে চম্পট দিয়েছে। শুধু বাড়ি নয়, পাশাপাশি থাকা রাধাগোবিন্দ মন্দির থেকেও খোয়া গেছে মূল্যবান অলঙ্কার ও প্রণামী বাক্সের টাকা। এমন ‘শুভদিনে’ চোরদের এমন ‘খেলা’ দেখে রীতিমতো অবাক সকলে, ছুটে আসতে হয়েছে পুলিশকেও।
বাড়ি ও মন্দিরে একই রাতে চুরি
জানা গেছে, দেগাছিয়া এলাকার বাসিন্দা সুরজিৎ তরফদারের বাড়িতে ধনতেরাসের রাতে সপরিবারে সকলে যখন ঘুমাচ্ছিলেন, ঠিক সেই সময় চোরেরা হানা দেয়। গৃহস্থের বাড়ির আলমারি ভেঙে সোনা, রূপোর অলঙ্কার সহ নগদ ২২ হাজার টাকা চুরি করে নিয়ে যায় তারা।
তবে এখানেই শেষ নয়। সুরজিৎ তরফদারের বাড়ির পাশেই থাকা রাধাগোবিন্দ মন্দিরেও একই রাতে চুরির ঘটনা ঘটে। মন্দির থেকে সোনার অলঙ্কার এবং প্রণামী বাক্সে থাকা টাকা চুরি করে পালানোর পাশাপাশি মন্দিরের একটি রুপোর বাঁশিও ভেঙে দেয় চোরেরা।
চুরির সামগ্রীর মূল্য ৪-৫ লক্ষ টাকা
সুরজিৎ তরফদার দাবি করেছেন, তাঁর বাড়ি থেকে নগদ টাকা ও গহনা চুরি যাওয়ার পাশাপাশি মন্দির থেকে প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার সামগ্রী চুরি গিয়েছে।
রবিবার ভোর বেলায় মন্দিরে পুজোর জন্য দরজা খোলার পরই প্রথম এই চুরির ঘটনাটি নজরে আসে। এরপরই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ধনতেরাসের রাতে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকার মানুষজন গভীর আতঙ্কের মধ্যে রয়েছেন।