টোটো রেজিস্ট্রেশন ঘিরে মালবাজারে চরম উত্তেজনা! WB সিরিজ নম্বর ও অতিরিক্ত ফি মানতে নারাজ চালকেরা

টোটো রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন ফি নিয়ে মালবাজার এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, আগামী ৩০ নভেম্বরের মধ্যে টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া বাধ্যতামূলকভাবে শেষ করতে হবে। কিন্তু এই প্রক্রিয়া নিয়ে ক্ষোভে ফুঁসছেন টোটো চালকেরা।
জানা গিয়েছে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলাকালীন WB সিরিজের নম্বর প্লেট ও অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে, যা কোনোমতেই মানতে চাইছেন না চালকেরা। তাঁদের দাবি, রেজিস্ট্রেশনের জন্য যে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, তা বাতিল করতে হবে। পাশাপাশি, টোটোর জন্য ভিন্ন একটি বিশেষ সিরিজের নম্বর প্লেট (WB সিরিজের বাইরে) চালু করতে হবে।
বর্তমানে মালবাজার শহরের পাশাপাশি পার্শ্ববর্তী গ্রামীণ এলাকাগুলিতেও টোটোর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। সরকার চাইছে পরিবহণ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে, তাই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে। কিন্তু চালকদের অভিযোগ, এই বাধ্যতামূলক রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় তাঁদের উপর আর্থিক চাপ বাড়ানো হচ্ছে।
টোটো চালকদের দাবি, অবিলম্বে এই বিষয়ে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হবে এবং তাঁদের দাবি মেনে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। অন্যথায়, বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। রেজিস্ট্রেশনের সময়সীমা এগিয়ে আসায় মালবাজারের টোটো চালক মহল এখন প্রতিবাদে সরব।