দেহুয়া দেবীপুরে উত্তেজনা! অবৈধ নির্মাণ ঠেকাতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী, তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির দেহুয়া দেবীপুর এলাকায় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এক বিজেপি কর্মীর ব্যক্তিগত জমিতে অবৈধভাবে নির্মাণ কাজ চলছিল। ওই বিজেপি কর্মী প্রতিবাদ করলে তাঁকে বাড়ির ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রের খবর, বিজেপি কর্মীর জমিতে অবৈধ নির্মাণ ঠেকাতে গেলে তৃণমূল কর্মীদের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। বচসা চলাকালীন তৃণমূলের কিছু কর্মী তাঁকে মারধর করে এবং পরে বাড়ির ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় ওই বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজেপি নেতৃত্বের তীব্র ক্ষোভ
এই ঘটনার খবর চাউর হতেই বিজেপি নেতৃত্ব তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য বিজেপি নেতারা শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করেছেন।
অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, “তৃণমূলের কর্মীরা আইনকে হাতে তুলে নিয়েছে। নিজেদের ক্ষমতা জাহির করার জন্য তারা সাধারণ মানুষের জমিতে অবৈধ নির্মাণ করছে। যখনই কেউ প্রতিবাদ করছে, তখনই প্রাণনাশের চেষ্টা করা হচ্ছে।” তিনি আরও বলেন, “এই রাজ্যে বিরোধী দলের কর্মীদের কোনো নিরাপত্তা নেই। তৃণমূল কর্মীদের এমন মাস্তানি বরদাস্ত করা হবে না।”
বিজেপি নেতৃত্ব দাবি করেছেন, যারা এই হামলার সঙ্গে যুক্ত, তাদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। এই ঘটনা ঘিরে রায়দিঘি এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।