‘উত্তরাখণ্ড পাকিস্তান নয়!’ উস্কানিমূলক ভাষণ দিতেই মাওমানাকে গ্রেফতার করে কড়া বার্তা দিলেন ধামি

উত্তরাখণ্ডের রুদ্রপুরে একটি ধর্মীয় শোভাযাত্রা চলাকালীন জনসভার মঞ্চ থেকে উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে তীব্র পদক্ষেপ করল পুষ্কর সিং ধামি সরকার। বরওয়াফত মিছিলের মাঝে রামপুরের বাসিন্দা মাওলানা মুজীবের একটি বিতর্কিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। উত্তরাখণ্ডকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং রাজ্য সরকারকে নিশানা করার পরেই কঠোর হাতে তা দমনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রুদ্রপুরে মিছিল চলাকালীন হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে ওই মাওলানা সরকারের বিরুদ্ধে অত্যন্ত উস্কানিমূলক ও আক্রমণাত্মক ভাষণ দেন। বিশেষ করে মাদ্রাসা বন্ধ করে দেওয়া সংক্রান্ত অভিযোগে তাঁর ওই বক্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। বিষয়টি নজরে আসতেই মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দ্ব্যর্থহীন ভাষায় সাফ জানিয়ে দেন, উত্তরাখণ্ড কোনও ‘পাকিস্তান’ নয় এবং দেবভূমির পবিত্রতা বা আইনশৃঙ্খলা বিনষ্ট করার বিন্দুমাত্র চেষ্টা সহ্য করা হবে না।

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই নড়েচড়ে বসে প্রশাসন। উধম সিং নগর জেলা পুলিশ অবিলম্বে রুদ্রপুর থানায় অভিযুক্ত মৌলানার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এবং শুক্রবার রাতেই তাঁকে গ্রেফতার করা হয়। ধামি প্রশাসনের এই কঠোর অবস্থানের প্রশংসার পাশাপাশি রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যবাসীর সুরক্ষা ও সংবিধানের শাসন বজায় রাখতে নৈরাজ্যবাদী শক্তির বিরুদ্ধে এই ধরনের কড়া পদক্ষেপ ভবিষ্যতেও জারি থাকবে বলে জানিয়েছে প্রশাসন।