টিএমসির ব্যাংক অ্যাকাউন্টে কি কাটল জট? মমতা ব্যানার্জিকে বড় স্বস্তি দিল হাইকোর্ট

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য বড় স্বস্তি বয়ে আনল কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক রায়। দলীয় বিরোধ ও আর্থিক দুর্নীতির অভিযোগে ফ্রিজ হওয়া তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে দৈনন্দিন খরচ ও আইনি লড়াইয়ের ব্যয় বহনের জন্য অর্থ উত্তোলনের অনুমতি দিয়েছে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ এই জটিল পরিস্থিতির সমাধানে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে ‘স্পেশাল অফিসার’ হিসেবে নিয়োগ করেছেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এই বিশেষ ব্যবস্থা কার্যকর থাকবে। এখন থেকে দলীয় তহবিলের চেক ইস্যু করার সময় তৃণমূলের দুই অনুমোদিত কর্মকর্তার স্বাক্ষরের পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারের স্বাক্ষর বাধ্যতামূলক হবে। তবে আদালত স্পষ্ট করে দিয়েছে, শুধুমাত্র প্রশাসনিক দৈনন্দিন কাজ ও আইনি লড়াইয়ের ফিসের জন্যই এই টাকা ব্যবহার করা যাবে; অন্য কোনো বড় ধরনের ব্যয় এই মুহূর্তে করা সম্ভব নয়।
উল্লেখ্য, দলের অভ্যন্তরীণ কোন্দল ও আর্থিক বেনিয়মের অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম থানায় দায়ের করা মামলার প্রেক্ষিতে প্রায় ৪৪০ কোটি টাকা সম্বলিত এই তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। ইডি-র (ED) তদন্তাধীন এই মামলায় মমতা ব্যানার্জির শিবির হাইকোর্টের দ্বারস্থ হলে এই অন্তর্বর্তীকালীন স্বস্তি মিলল। আদালতের এই নজরদারি মূলক সিদ্ধান্ত এখন রাজ্য রাজনীতির অন্যতম চর্চার বিষয়।