আমের রাজকীয় স্বাদ এখন আপনার আঙিনায়, রানাঘাটের এই নার্সারিতে হাহাকার সাশ্রয়ী চারা কিনতে!

বাঙালির কাছে আম চিরকালই ফলের রাজা। এতদিন হিমসাগর বা ল্যাংড়ার জয়জয়কার থাকলেও, আধুনিক কৃষি প্রযুক্তির কল্যাণে এখন বাংলার মাটিতেই ফলছে দেশ-বিদেশের নানা বৈচিত্র্যময় আম। বর্ষা নামতেই গাছ লাগানোর আদর্শ সময় শুরু হয়েছে, আর এই আবহেই রানাঘাটের মাঠকুমরা এলাকার এক নামী নার্সারিতে বিদেশি আমের চারা কেনার জন্য ক্রেতাদের ঢল নেমেছে।
নার্সারির কর্মী উত্তম দুল্লভ জানিয়েছেন, তাঁদের সংগ্রহে রয়েছে মিয়াজাকি, ব্যানানা ম্যাঙ্গো, কিউজাই, হাঁড়িভাঙা, চিয়াংমাই, হানিসিউ ও রেড পাম্বালের মতো নামী সব প্রজাতির চারা। বর্তমানে ক্রেতাদের মধ্যে ‘আলফানসো’ আমের চারা কেনার হিড়িক সবচেয়ে বেশি। উত্তমবাবুর মতে, এই উন্নত জাতের চারাগুলো সাধারণত বাংলাদেশ হয়ে এ দেশে প্রবেশ করে এবং পরবর্তীতে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে।
একসময় এসব বিদেশি চারার দাম সাধারণের নাগালের বাইরে থাকলেও, বর্তমানে সহজলভ্যতা বাড়ায় দাম অনেকটাই কমেছে। আগে যেখানে একটি চারার দাম ৮০০ থেকে ৯০০ টাকা হতো, এখন তা মাত্র ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে মিলছে। এই সাশ্রয়ী দামের কারণেই দত্তপুকুরসহ বিভিন্ন দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন গাছ সংগ্রহ করতে। প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নার্সারিতে চারা বিক্রি চলছে।
উত্তমবাবু আরও জানিয়েছেন, আলফানসোসহ এই নার্সারিতে থাকা অন্যান্য বিদেশি জাতের আম গাছগুলো এ রাজ্যের যেকোনো মাটিতেই অনায়াসে বেড়ে ওঠে এবং প্রতি বছরই ভালো ফলন দেয়। বর্ষার মরশুমে বাড়ির ছাদ বা উঠোনে সুস্বাদু আমের ফলন পেতে তাই এই সাশ্রয়ী চারা গাছগুলো কেনার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না সাধারণ মানুষ থেকে শৌখিন বাগানীরা।